‘বিদায়’ দেখছেন ওয়েঙ্গার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেন ওয়েঙ্গার এখন ব্যথাতুর কণ্ঠে গাইতেই পারেন, ‘আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে।’ফরাসি ভদ্রলোক আর্সেনালে এসেছিলেন ১৬ বছর আগে। এই দেড় দশকেরও বেশি সময়ে ‘আর্সেন’ থেকে তিনি হয়ে উঠেছেন ‘আর্সেনাল ওয়েঙ্গার’। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় মৌসুমেই জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে লিগ জিতিয়েছেন তিনটি, চারটি করে এফএ কাপ আর কমিউনিটি শিল্ড। ২০০৬ চ্যাম্পিয়নস লিগের শিরোপার একদম দুয়ার থেকে ফিরে এসেছেন ফাইনালে বার্সেলোনার কাছে হেরে। আর্সেনালের ইতিহাসের অন্যতম সেরা কোচ তিনি। কিন্তু এত সব সাফল্যের বয়ান আর পরিসংখ্যানও এই তথ্য আড়াল করতে পারছে না, সাতটি বছর ধরে আর্সেনালকে কিছুই জেতাতে পারেননি ওয়েঙ্গার!সাত বছর লম্বা সময়। ক্লাব মালিকদের ধৈর্যহীন এই যুগে এত লম্বা সময় ধরে তাঁর টিকে থাকাটাও বিস্ময়ের। তবে নিন্দুকেরা বলেন, মালিকপক্ষ তো তাঁর ওপর খুশিই। গত কয়েক বছরে একের পর এক খেলোয়াড় বেচে যে বিস্তর লাভ করেছে আর্সেনাল! ২০০৭ সালে থিয়েরি অঁরিকে বেচে দিয়েছিলেন। এর পর উইলিয়াম গালাস, সল ক্যাম্পবেল, সেস ফ্যাব্রিগাস, সামির নাসরিদের পথ ধরে চলে গেছেন রবিন ফন পার্সি। গত তিন মৌসুমে খেলোয়াড় বেচে ১৬ কোটি পাউন্ডের বেশি আয় করলেও খেলোয়াড় কেনায় ততটা মনোযোগী হননি ওয়েঙ্গার।এই মৌসুমে অবশ্য লুকাস পোডলস্কি আর সান্তি কাজোরলাকে কিনেছেন। তাতে এই ইঙ্গিত অন্তত পাওয়া যায়নি, শিরোপার ইঁদুর-দৌড়ে নামবে আর্সেনাল। মৌসুমের শুরুটাও হয়েছে টানা দুই ম্যাচে ড্র করে। গত ম্যাচে অবশ্য লিভারপুলকে তাদের মাঠে ২-০ হারিয়ে এসেছে ওয়েঙ্গারের শিষ্যরা। লিভারপুলও এখন মরা হাতি। কিন্তু অ্যানফিল্ড থেকে জয় ছিনিয়ে আনা এখনো বিরাট কিছু।৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করা আর্সেনাল কোথায় শেষ করবে বলা মুশকিল। তবে ওয়েঙ্গার নিজেই বলছেন, বিদায়বেলা ঘনিয়ে এসেছে তাঁর। চুক্তির মেয়াদ আর দুই বছর আছে। কিন্তু একের পর এক তারকা বিক্রি করে সমর্থকদের চক্ষুশূল হয়ে ওঠা, ‘তুমি জানো না তুমি কী করছ’ স্লোগান নিত্য হজম করা ওয়েঙ্গার মেয়াদ পূর্ণ না-ও করতে পারেন। ‘আমি পুরোদস্তুর একজন আর্সেনাল। আমি মনে করি, সব সময় আমি তা প্রমাণও করেছি। ভালো করতে পারছি কি না, সেটি আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। যদি ভালো করতে না পারি, নিজের ভবিষ্যৎ অবশ্যই ভেবে দেখব’—বলেছেন ওয়েঙ্গার।আজ লিগে সাউদাম্পটনের মুখোমুখি আর্সেনাল। সাউদাম্পটন তিনটি ম্যাচেই হেরেছে। কিন্তু তাই বলে তাদের হালকাভাবে নেওয়া হবে মস্ত বড় ভুল। গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাম ছুটিয়ে দিয়েছিল দলটি। ইউনাইটেড শেষে যোগ করা সময়ের গোলে ৩-২-এ জিতেছে। সমান ব্যবধানে জেতা ম্যান সিটির ঘামও ছুটিয়েছিল সাইজেল অ্যাডকিন্সের দল।ইউনাইটেড আজ খেলবে উইগানের বিপক্ষে। সিটির প্রতিপক্ষ আরেক সিটি—স্টোক। লিভারপুল খেলবে সান্ডারল্যান্ডের সঙ্গে। এএফপি।