‘বিদায়’ বলেই দিলেন কলিংউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে ভালো পারফরমেন্স দেখাতে পারছেন না পল কলিংউড। টেস্টে শেষ শতকটির দেখা পেয়েছেন নয় মাস আগে বাংলাদেশের বিপক্ষে। শেষ ১০ টেস্টে তাঁর গড় মাত্র ১৫.৫৪। অ্যাশেজ সিরিজে গড় ১৩.৮৩। অন্য কোনো সময় হলে হয়তো এত দিনে ব্রিটিশ মিডিয়ায় মুণ্ডুপাত করা হতো কলিংউডের। কিন্তু এবার ইংল্যান্ডের অসাধারণ অ্যাশেজ সাফল্যের জন্য চাপা পড়ে গেছে কলিংউডের ব্যর্থতা। তাই বলে তিনি নিজে অন্তত ব্যর্থতাটা একেবারেই আড়াল করতে চাচ্ছেন না তিনি। নিজের এই শোচনীয় পারফরমেন্সের পর টেস্ট ক্রিকেটের অঙ্গন থেকে সরে দাঁড়ানোটাই যুক্তিযুক্ত বলে মনে করছেন ৩৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান। কয়েক দিন আগে একবার ইঙ্গিত দিয়েছিলেন। এবার ঘোষণাই দিয়ে দিলেন, এই অ্যাশেজ সিরিজের পরই বিদায় নেবেন টেস্ট ক্রিকেট থেকে। তার মানে, চলমান সিডনি টেস্টটাই হবে কলিংউডের সাত বছরের ক্যারিয়ারের শেষ টেস্ট।অবসরের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলাটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। আর আমি খুবই ভাগ্যবান যে, ইংল্যান্ডের বেশ কিছু গৌরবময় সময়ে আমি দলে ছিলাম। আমি সব সময়ই ইংল্যান্ড টেস্ট দলের জন্য আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, এটাই আমার সরে দাঁড়ানোর সবচেয়ে ভালো সময়। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ধরে রাখার সুখস্মৃতি নিয়ে অবসরের ঘোষণা দেওয়ার মতো স্বস্তিদায়ক আর কিছুই হতে পারে না। আমি খুবই গর্বিত।’ তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও এখনে সীমিত ওভারের ম্যাচ আরও বেশ কিছুদিন খেলে যেতে চান তিনি। সাত বছরের ক্যারিয়ারে ৬৮ টা ম্যাচ খেলে ৪০.৫৬ গড়ে ৪,২৫৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট। রয়টার্স।