'বিদেশে ভালো করাই এখন চ্যালেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীর দুর্বল, মলিন মুখ। তার পরও কাল জরুরি প্রয়োজনে মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। কিছুক্ষণ দেখলেন নিজের দল কলাবাগানের হেরে যাওয়া ম্যাচটাও  সৌজন্য ছবি
শরীর দুর্বল, মলিন মুখ। তার পরও কাল জরুরি প্রয়োজনে মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। কিছুক্ষণ দেখলেন নিজের দল কলাবাগানের হেরে যাওয়া ম্যাচটাও সৌজন্য ছবি

বিছানা থেকে নামতেই বারণ করেছেন ডাক্তার। তবু জরুরি একটি ব্যক্তিগত প্রয়োজনে কাল বিকেলে বিসিবিতে এলেন সাকিব আল হাসান। ক্লান্ত শরীরে নিজের কাজ সারলেন, কিছুক্ষণ দেখলেন নিজ ক্লাব কলাবাগানের খেলা। আর নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বললেন আরিফুল ইসলামের সঙ্গে
 শরীরের কী অবস্থা এখন?
সাকিব আল হাসান: শরীর অনেক দুর্বল। ওজন কমেছে তিন কেজি, কিন্তু নিজের কাছে মনে হয় কমে অর্ধেক হয়ে গেছে। এমনিতে আর কোনো সমস্যা নেই, শুধু দুর্বল লাগে। জীবনে জ্বর তো অনেকই হয়েছে। কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। এই ধরুন হাঁটতে গেলেও দুর্বল লাগছে, কোনো কিছু করার শক্তি নেই।
 কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন?
সাকিব: কালও ডাক্তার বলেছে আরও এক সপ্তাহ পুরোপুরি বিছানায় থাকতে হবে। সাত দিন পর ডাক্তাররা আবার দেখবেন। তখন হয়তো জানা যাবে কবে নাগাদ ফিরতে পারব।
 প্রথম ওয়ানডের আগের রাতে হোটেল থেকে যখন হাসপাতালে যাচ্ছিলেন, ওই সময়ের অবস্থা কী ছিল?
সাকিব: ওই সময় আমার জ্বর ছিল ১০৪। মাথা ঠিক ছিল না আমার, দুনিয়াতেই যেন ছিলাম না। ওষুধ যা দেওয়া হয়েছিল বা সাপোজিটর, কোনো কিছুই কাজ করেনি। জ্বর কমছিলই না, প্রথম তিন দিন ১০২ থেকে ১০৪ এর মধ্যে ঘোরাফেরা করেছে।
 টিভিতে খেলা দেখেছেন নিশ্চয়ই? কতটা মিস করেছেন?
সাকিব: খেলা তো সব দেখেছিই। তবে সত্যি বলতে, আমি আসলে মিস করার মতো অবস্থায়ও ছিলাম না। শরীর এত খারাপ ছিল যে অন্য কোনো ভালো লাগা-খারাপ লাগা কিছু বুঝতে পারিনি।
 সিরিজ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কী মনে করেন?
সাকিব: বাংলাদেশ একটা দল হিসেবে খেলতে পেরেছে। অনেকেই পারফর্ম করেছে। যখনই দলের প্রয়োজন, কেউ না কেউ দাঁড়িয়ে গেছে। ভালো দলগুলোতে সব সময় এটাই হয়।
 আপনি তো অধিনায়ক থাকার সময় থেকেই বলে আসছিলেন, দলে পারফরমার বাড়া প্রয়োজন...
সাকিব: হ্যাঁ, দলে এখন অনেক পারফরমার। দেশের মাটিতে গত দুই বছরে আমরা ধারাবাহিকভাবে ভালো করেছি। দেশের মাটিতে আমরা এখন অনেক শক্তিশালী দল। এখন বিদেশের মাটিতে ভালো করতে হবে। শ্রীলঙ্কায় গিয়ে আমরা অনেক ভালো করেছি। এভাবেই আরও দু-একটি দেশে ভালো করতে হবে। আস্তে আস্তে সব দেশে। বিদেশের মাটিতে ভালো করাই এখন আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত।
 দেশের মাটিতে কি আমরা এখন যেকোনো দলকে হারাতে পারি?
সাকিব: দেশের মাটিতে প্রায় সব দলকেই তো হারিয়েছি। কেন জানি না, শুধু পাকিস্তানের সঙ্গেই পারছি না। অন্য দলগুলোর বিপক্ষে এমন নয় যে পাঁচটা-দশটা খেলে একটি জিতছি। বরং ধারাবাহিকভাবেই জিতছি। এ জন্যই বললাম, এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত বিদেশের মাটিতে ভালো করা।
 আপনার জায়গায় সুযোগ পেয়ে নাঈম তো দারুণ খেললেন!
সাকিব: এতে প্রমাণিত হলো, বাংলাদেশ দলে এখন নির্দিষ্ট জায়গা বলে কিছু নেই। যখন যে যেখানে সুযোগ পাবে, ভালো খেলবে। নাঈম ভাইয়ের জন্য কাজটা ছিল খুব কঠিন। দুটি টেস্ট বসে ছিলেন। হঠাৎ করে ম্যাচের আগের দিন জানতে পেরেছেন যে খেলতে হবে। তবে প্রথম ম্যাচে ভালো খেলার পর আত্মবিশ্বাস পেয়ে গেছেন। পরে তো পুরো সিরিজই ভালো খেললেন। উনি অনেক কষ্ট করেছেন, সেটার ফল পেয়েছেন। আর শুধু নাঈম ভাই-ই বা কেন, শুভ ভাই (শামসুর রহমান) নতুন এসেই দারুণ একটা ইনিংস খেললেন। রুবেল ৬ উইকেট পেল, মুশফিক প্রথম ম্যাচে ভালো করল...ওই যে বললাম, দলের প্রয়োজনে সব সময়ই কেউ না কেউ দাঁড়িয়ে গেছে।
 সিরিজ শুরুর আগে হোয়াইটওয়াশ নিয়ে এত আলোচনা, সত্যিই ভাবতে পেরেছিলেন হয়ে যাবে?
সাকিব: যদি ওদের দলের সঙ্গে আমাদের তুলনা করেন, আমি তো বলব আমরাই ভালো দল। খেলাও হচ্ছে আমাদের মাটিতে। সিরিজ জয়টা তাই প্রত্যাশিতই ছিল। হোয়াইটওয়াশটা হলো বোনাস। ওদের ভেট্টোরি ছিল না, এটা অনেক বড় একটা ব্যাপার। আরও কয়েকজন হয়তো ছিল না—গাপটিল, রাইডার...কিন্তু ভেট্টোরি না থাকা অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে আমাদের বিপক্ষে খেলা বলে।
 ভেট্টোরিকে নিয়ে বাংলাদেশের কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আছে?
সাকিব: সেটা জানি না। কিন্তু সব সময়ই ভালো করে। শুধু বোলিং না, ব্যাটিংয়েও অনেক যন্ত্রণা দেয়।
 আপনিও তো ছিলেন না?
সাকিব: আমাদের দলে কিন্তু আমি একা ভালো করলে লাভ নেই। আরও দু-একজন ভালো করলে হয়তো আমরা জিততাম। কিন্তু ভেট্টোরি তো একাই আমাদের শেষ করে দিতে পারে। দিয়েছেও আগে। বিশেষ করে টেস্টে ও না থাকায় অনেক লাভ হয়েছে।
 প্রধানমন্ত্রীর দেখতে যাওয়াটা বড় সারপ্রাইজ ছিল?
সাকিব: সারপ্রাইজ তো ছিলই, আমি আশা করিনি। আমি যত দূর জানি ও বুঝি, ক্রিকেটারদের প্রতি ওনার আলাদা ভালো লাগা আছে। ক্রিকেট খেলাটা অনেক পছন্দ করেন। উনি আমাকে দেখতে এসেছিলেন, খুব ভালো লেগেছে।