'বিদ্রোহী লিগ'কে জিমিদের স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গী পাঁচ ক্লাবকে নিয়ে ‘ঢাকা হকি লিগ’ নামে নতুন একটা আয়োজনের উদ্যোগ নিয়েছে মোহামেডান। ক্রিকেটে আইপিএল-বিপিএলের আদলে অক্টোবরের শেষ দিকে প্রস্তাবিত এই লিগ শুরুর সম্ভাবনা আছে। এই আয়োজনের খবরে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর প্রাথমিক প্রতিক্রিয়া, ‘আগে ওরা ফেডারেশন আয়োজিত লিগ খেলুক, তারপর ওদের সহযোগিতার করার প্রশ্ন আসছে।’
ফেডারেশন আয়োজিত লিগে খেলবে না বলেই মোহামেডান অ্যান্ড কোং এই বিকল্প লিগের চিন্তা করছে। কিন্তু হকি ফেডারেশনের অনুমোদন ছাড়া লিগটা ‘বিদ্রোহী’ লিগ বলেই গণ্য হবে এবং সে ক্ষেত্রে ফেডারেশন আইনগত পথেই হাঁটবে বলে জানিয়েছেন রহমতউল্লাহ, ‘ফেডারেশন আয়োজিত লিগ খেলতে হবে ওদের। যদি খেলে, তবেই আমরা বিষয়টা ভেবে দেখতে পারি। সব দেশেই ঘরোয়া আয়োজন করে ফেডারেশন। বাইরের কেউ লিগ করতে পারে না। অননুমোদিত লিগ বা টুর্নামেন্ট করলে শৃঙ্খলা ভঙ্গ হবে এবং আমাদের আইনগত পথে যাওয়া ছাড়া উপায় থাকবে না।’
এই টুর্নামেন্ট আয়োজন করতে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম চেয়ে শিগগিরই জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেবেন আয়োজকেরা। রহমতউল্লাহর কথাতেই বোঝা যাচ্ছে, এই লিগ আয়োজনে মওলানা ভাসানী স্টেডিয়ামকে দিতে অনিচ্ছুক থাকবে ফেডারেশন। আয়োজকেরা অবশ্য বিকল্প হিসেবে বুয়েটের ঘাসের মাঠ ভেবে রেখেছেন। এই যুগে ঘাসের মাঠে হকি হয় না। তার পরও হকি স্টেডিয়াম না পেলে ঘাসের মাঠেই এটি আয়োজন করতে চান মোহামেডানের হকি চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীর।
মুনীরের এই ঘোষণা শুনে নড়েচড়ে বসতে শুরু করেছেন খেলোয়াড়েরা। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি স্বাগতই জানিয়েছেন এটিকে, ‘ভালোই তো। ফেডারেশন খেলা আয়োজন করতে পারছে না, এখন অন্য কেউ করলে ক্ষতি কী? আমি খেলব।’
‘বিদ্রোহী’ লিগে যোগ দিলে ফেডারেশন সংশ্লিষ্ট খেলোয়াড়কে বহিষ্কার করতে পারে, এমনকি বাদ দিতে পারে জাতীয় দল থেকেও। খাজা রহমতউল্লাহর কথায় পাওয়া গেছে এই ইঙ্গিত। কিন্তু জিমি এটা মানতে পারছেন না, ‘এমনিতেই তো অলিখিত বহিষ্কার হয়ে আছি। খেলাই তো নেই। কাজেই বহিষ্কারের হুমকি নিয়ে লাভ হবে না। এশিয়া কাপের আগে প্রয়োজনে পাঁচটি দল নিয়ে লিগ করার কথা বলেছিলেন ফেডারেশনের সম্পাদক। ওনারা পাঁচ দল নিয়ে খেলতে পারলে অন্য কেউ করতে চাইলে সেটা অবৈধ কেন হবে?’
জাতীয় দলের গোলরক্ষক জাহিদ হোসেন ফেডারেশনের কাছে আবেদন রেখেছেন, ‘আমরা খেলতে চাই। কেউ খেলা আয়োজনের উদ্যোগ নিলে ফেডারেশনের উচিত সহযোগিতা করা।’ বহিষ্কার হওয়ার সম্ভাবনা নিয়ে জাহিদের কথা, ‘ছয়টি দলে ২০ জন করে খেলোয়াড় নিলে মোট সংখ্যা দাঁড়ায় ১২০ জন। এই ১২০ জনকেই বহিষ্কার করলে দেশে আর খেলোয়াড় থাকে কোথায়?’
প্রশ্নটা ভাবাচ্ছে হকি ফেডারেশনের সদস্য, জাতীয় নির্বাচক ও সাবেক অধিনায়ক মামুনুর রশিদকেও। তাই তাঁর পরামর্শ, ‘দুই পক্ষের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতার ভিত্তিতে এমন লিগ বা টুর্নামেন্ট করতে পারলে খুবই ভালো। এটাকে স্থায়ী রূপ দেওয়া যেতে পারে। তাতে খেলোয়াড়সহ সবাই উপকৃত হবে।’