‘বিধ্বস্ত’ জার্মানি ‘আত্মবিশ্বাসী’ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে জার্মানিকে ২৬ মিনিটেই দুই গোল এনে দিয়েছিলেন লুকাস পোডলস্কি আর মিরোস্লাভ ক্লোসা। কাল দ্বিতীয়জন ৩৬ মিনিটে মাঠ ছাড়লেন লাল কার্ড দেখে। আর পোডলস্কি মিস করলেন পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা এনে দেওয়ার সুবর্ণ সুযোগ।এক ম্যাচেই ছবিটার এমন বৈপরীত্য বার্লিন-মিউনিখেও খুঁজে পাওয়া যাবে। ১৩ জুন যে দুই শহর মেতেছিল বিশ্বজয়ের উৎসবে, সেখানেই আজ হাহাকার! সার্বিয়ার কাছে হেরে গিয়ে উড়তে থাকা জার্মানি যে কাল নেমে এসেছে বাস্তবতার মাটিতে।প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দেওয়া তরুণ দলটা এক ম্যাচ পরেই এসে বুঝে গেল, এটা কল্পনার রাজ্য নয়। বিশ্বকাপ বড় নির্মম জায়গা। এই ম্যাচেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করতে চেয়েছিলেন জোয়াকিম লো। এখন জার্মান কোচকে বসতে হচ্ছে তৃতীয় ম্যাচের হিসাবের টেবিলে। ‘আমরা এই ম্যাচে বেশ কিছু সমস্যায় ভুগেছি। ক্লোসা দ্বিতীয় হলুদ কার্ড দেখেছে। ওরা আগে গোল পেয়েছে। পেনাল্টি স্পট থেকেও আমরা গোল করতে পারিনি। সব মিলিয়ে আমাদের জন্য জটিল পরিস্থিতি ছিল’—ম্যাচ শেষে বলেছেন লো।তবে এক ম্যাচে হোঁচট খাওয়া মানেই যে দল পথ হারিয়ে ফেলেছে, এতটা ভাবার মতো নৈরাশ্যবাদী তিনি নন, ‘আমরা বিধ্বস্ত, মানছি। তবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এখনো আমাদের ভাগ্য আমাদেরই হাতে আছে। কারণ গোল ব্যবধানে আমরা বেশ সুবিধাজনক অবস্থানেই আছি।’যে ম্যাচে ধাক্কা খেল জার্মানির আত্মবিশ্বাস, সেই ম্যাচ থেকেই সার্বিয়া সামলে নিল প্রথম ম্যাচে ঘানার কাছে হেরে যাওয়ার ধাক্কা। কোচ রাদোমির অ্যান্টিচ বলেছেন, ম্যাচের প্রায় এক ঘণ্টার মতো জার্মানি ১০ জনের দল হয়ে পড়ায় একটা সুবিধা তাঁরা পেয়েছেন, কিন্তু এই জয়টা সার্বিয়ার প্রাপ্যই ছিল।ওদিকে ক্লোসা মানতে পারেননি রেফারির সিদ্ধান্ত, ‘মাঠে থাকলে দলকে সাহায্য করতে পারতাম। আমি বলটাই খেলতে চেয়েছিলাম। এটা কোনো ফাউল ছিল না। রেফারি আমাকে সতর্ক করে দিতে পারতেন। এর বদলে তিনি আমাকে দেখালেন হলুদ কার্ড।’ম্যাচের নায়ক তো জার্মানির কেউ নন। সংবাদ সম্মেলনে তাই বুঝি ‘খলনায়ক’দেরই হাজির করানো হয়েছিল। ক্লোসার পর পোডলস্কিও ব্যাখ্যা দিলেন পেনাল্টি মিস করার, ‘আমি কিন্তু শটটা ভালোই নিয়েছিলাম। সাধারণত আমি এর চেয়ে বেশি নির্ভুল থাকি। কিন্তু শেষ পর্যন্ত ভুলের দায় আমাকেই নিতে হবে। এই পরাজয় অবশ্যই তিক্ত অভিজ্ঞতা।’ এএফপি।