‘বিধ্বস্ত’ ভারত ঘুরে দাঁড়াতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার অজেয় দুর্গ জয়ের স্বপ্নটা পূরণ না হলেও টেস্ট সিরিজটা একেবারেই খারাপ খেলেনি ভারত। ১-১-এ সমতা রেখে আত্মতৃপ্তির যথেষ্ট অবকাশ রেখেছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়ে আকাশেই উড়ছিলেন ধোনি-টেন্ডুলকারেরা। কিন্তু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের হাতে রীতিমতো হেনস্তা হতে হয়েছে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ দলটিকে। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে নাকাল হয়ে ১৩৫ রানের বিশাল হার ভারতকে শঙ্কার মধ্যেও ফেলে দিয়েছে। পরের ম্যাচে হারলেই ওয়ানডে সিরিজটা হাতছাড়া হয়ে যাবে ভারতের। তাই এ মুহূর্তে সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিচার করে আরেকটি পরাজয় রোধ করতে চান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সমর্থকদের মধ্যে আস্থা ফিরিয়ে নিয়ে আনতে চান তিনি।ধোনি বলেছেন, ‘আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। আমি আশা করছি, আমরা আগের ম্যাচটার চেয়ে অনেক ভালো খেলতে পারব। আর ম্যাচ জেতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ কিন্তু ধোনির সবচেয়ে বড় দুঃশ্চিন্তায় পরিণত হয়েছে ইনজুরি সমস্যা। ইনজুরির কারণে শুরু থেকেই মাঠে নামতে পারছেন না দলের দুই প্রধান ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। এবার পেস বোলার প্রভীন কুমারকেও ইনজুরির কারণে আগেভাগেই দেশে ফিরে যেতে হচ্ছে। আরেক পেসার শ্রীশান্তও কনুইয়ের চোটের কারণে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে বেশ ভালোই বিপদে পড়তে হতে পারে ভারতকে।দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বোলিং আক্রমণটাই ভারতের প্রধান চিন্তার বিষয়। কিন্তু তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপও প্রথম ওয়ানডেতে যেভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাতে বেশ চিন্তায় পড়ে গেছে ভারতীয় সমর্থকেরা। একমাত্র বিরাট কোহলি ছাড়া আর কেউই আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেতে হলে এ মুহূর্তে শচীন টেন্ডুলকারকেই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাতে কোনো সন্দেহ নেই। আর বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য যুবরাজ সিংকেও আবার ফিরে আসতে হবে তাঁর বিধ্বংসী ভূমিকায়। টাইমস নিউজ নেটওয়ার্ক।