‘বিপ্লবের’ ডাক দিলেন রুমেনিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ল হেইঞ্জ রুমেনিগে দিলেন ‘বিপ্লবের’ ডাক। জার্মানির সাবেক এই তারকা বললেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ থাকা উচিত ক্লাবগুলোর হাতেই। ফিফার সাম্প্রতিক দুর্নীতির চিত্র ফাঁস হওয়ার পর সংস্থাটির ভার ক্লাবগুলোর ওপরেই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।ইউরোপিয়ান ক্লাব সংস্থার (ইসিএ) প্রধান হিসেবে রুমেনিগে বলেছেন, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর উচিত ফিফার ভার নিয়ে নেওয়া, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমরা এমন লোকদের হাতে পরিচালিত হচ্ছি, যাঁরা কি না আন্তরিক আর স্বচ্ছ নন। যা ঘটছে তাতে হস্তক্ষেপের এটাই সময়। কারণ যা ঘটছে, সেটা সঠিক নয়। আর এ কারণেই পরিবর্তন অনিবার্য।’বিশ্ব ফুটবল মূলত ক্লাবনির্ভর। সারা বছর ধরে লিগ বা টুর্নামেন্ট হয় ক্লাবগুলোর। এর ফাঁকে ফাঁকে হয় আন্তর্জাতিক টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। সেই হিসাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক হিসেবে ক্লাবগুলো আরও কর্তৃত্ব দাবি করতেই পারে। বিশ্বকাপের আয়োজক হওয়া ও ফিফা সভাপতি নির্বাচন ঘিরে ফাঁস হওয়া দুর্নীতি ও কেলেঙ্কারির নানা ঘটনার পর ফুটবলের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আহ্বানও জানালেন রুমেনিগে।বলেছেন, ‘শুধু বড় ক্লাবগুলো নয়, এটা বিশ্বের সব ক্লাবের স্বার্থের ব্যাপার। সেপ ব্ল্যাটার বলছেন বটে তিনি দুর্নীতিমুক্ত করতে কাজ করছেন। কিন্তু তাঁর কথায় কেউ বিশ্বাস করছে বলে মনে হচ্ছে না। আমিও আশাবাদী নই, কারণ এত কিছুর পরও তারা মনে করছে, বর্তমান পদ্ধতিটাই ঠিকমতো কাজ করছে। বাস্তবতা হলো, বিশ্বকাপের পর বিশ্বকাপ দিয়ে এটা এখন টাকা বানানোর যন্ত্র হয়ে উঠেছে। আর তাঁদের কাছে (ফিফার কর্তাব্যক্তি) ফুটবলে কার্যকর ও স্বচ্ছ প্রশাসনের পরিবর্তে এটাই বেশি গুরুত্বপূর্ণ।’রুমেনিগে মনে করেন, ক্লাবগুলোকেই আরও সক্রিয় হতে হবে কারণ, বর্তমান কাঠামোয় ফিফার মধ্য থেকে এর সদস্যদেশগুলোর পক্ষে ব্যাপকতর পরিবর্তন নিয়ে আসা সম্ভব নয়। কারণ ফিফার ভোটের রাজনীতিতে কেউ কারও বিপক্ষে দাঁড়াবে না বলেই তাঁর ধারণা।আরও একটি যুক্তি দিয়েছেন বায়ার্নের প্রধান নির্বাহী। বিশ্ব ফুটবলের একটা বড় অংশীদার হলো ক্লাবগুলো। কিন্তু ফিফার কথিত পুনর্গঠনপ্রক্রিয়ায় ক্লাবগুলোর অংশগ্রহণের সুযোগই নেই। ‘আমি তাদের সুযোগ দিতে রাজি আছি, কিন্তু একই সঙ্গে আমি প্রস্তুত বিপ্লবের জন্য। কারণ এটাই এখন একমাত্র সমাধান’—বলেছেন তিনি। এএফপি।