'বিভ্রান্তিকর' গোলে জিতল চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটি আসলে কার? বিবিসি প্রথমে বলল আত্মঘাতী, ইএসপিএনএফসি বলল ল্যাম্পার্ডের, রয়টার্স অবশ্য ঠিক খবর দিয়েই বলল, গোলটা টেরির
গোলটি আসলে কার? বিবিসি প্রথমে বলল আত্মঘাতী, ইএসপিএনএফসি বলল ল্যাম্পার্ডের, রয়টার্স অবশ্য ঠিক খবর দিয়েই বলল, গোলটা টেরির

গোল তুমি কার? ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-এভারটন ম্যাচটা
শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাই যেন ঘুরে ফিরল ফুটবলপ্রেমীদের মনে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৯৩তম মিনিটে গিয়ে গোল করে ম্যাচটা জিতেছে চেলসি। কিন্তু তাত্ক্ষণিকভাবে এই গোলটির কৃতিত্ব কার, সেটি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। বিবিসি তাদের অনলাইনের স্কোরে গোলটিকে দেখায় আত্মঘাতী। ইএসপিএনএফসি (পূর্বতন সকারনেট) গোলটির কৃতিত্ব দেয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করে, জন টেরির শেষ মুহূর্তের জয়সূচক গোলে জিতল চেলসি।

সেই জট পাকানো গোল। ছবি: রয়টার্স
সেই জট পাকানো গোল। ছবি: রয়টার্স

পরে অবশ্য ম্যাচ রেফারি গোলটি টেরির নামের পাশেই দেন। বিবিসি ও ইএসপিএনএফসি নিজেদের সংশোধন করে নেয়। বিভ্রান্তির কারণ আসলে শেষ মুহূর্তে নেওয়া ল্যাম্পার্ডের ফ্রি কিকটিই। সেই ফ্রি কিক থেকেই গোলটা হয়। কিন্তু জটলার কারণে পরিষ্কার হচ্ছিল না গোলটির মালিক কে। পরে পরিষ্কার হয়, ল্যাম্পার্ডের ফ্রি কিক থেকে টেরি বাঁ পায়ে খুব কাছ থেকে বলটা জালে ঠেলেছেন। এ ম্যাচেই চোট সেরে দলে ফিরেছিলেন চেলসি অধিনায়ক।
ওই গোলটির আগ মুহূর্ত পর্যন্ত অবশ্য মনে হচ্ছিল টানা তৃতীয় ম্যাচে ধাক্কা খেতে চলেছে চেলসি। নিজেদের মাঠে জ্বলে উঠতে পারছিলেন না চেলসি তারকারা। লিগে আগের ম্যাচেই ৮৭ মিনিটে গোল খেয়ে ওয়েস্ট ব্রোমের সঙ্গে ১-১ ড্র করেছিল চেলসি। পরের ম্যাচেই এফএ কাপে ২-০ গোলে তারা হেরে যায় ম্যানচেস্টার সিটির কাছে। দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া হওয়ার হতাশায় স্টাম্পফোর্ড ব্রিজ যখন আচ্ছন্ন, সেই মুহূর্তে সেই ‘বিভ্রান্তিকর’ গোল। যে গোলে তিন পয়েন্টই নিশ্চিত হলো চেলসির। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারাই লিগের শীর্ষে।