মাত্র ২ রানের জন্য প্যাড-গ্লাভস-হেলমেট পরে আবার ব্যাট করতে নামা, জয়ের আনন্দের পাশাপাশি বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের কাল যথেষ্টই বিরক্তি লাগার কথা। তাহলে তাঁদের কথা ভাবুন, যাঁদের ব্যাটিং করতে হয়েছিল ১ রানের জন্য! টেস্ট ইতিহাসে ৫ বার, প্রথম তিন ইনিংস শেষে দুই দলের রান হয়ে গেছে সমান, মানে চতুর্থ ইনিংসে জয়ের জন্য এক দলের প্রয়োজন ছিল মাত্রই ১ রান। দুবার করে এই বিরক্তি সহ্য করতে হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দলকে। অস্ট্রেলিয়া ১৯২১ ও ১৯৫৮ সালে, ওয়েস্ট ইন্ডিজ ১৯৬৩ ও ১৯৮৩ সালে। আর একবার ইংল্যান্ড, ১৯৩২ সালে। কালকেরটি ছাড়া ২ রান তাড়া করে জয়ের দৃষ্টান্ত আছে আর একটিই, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড জিতেছিল ১৯৯০ সালে। আর কোনো ওপেনার রান না করতেই দলের জয় আসার ঘটনাও কালকের আগে আছে একটি। ১৯৮৩ সালে ১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ জিতে গিয়েছিল গ্লাভস খুলে বোলিং করতে নামা সৈয়দ কিরমানির নো বলে।