
সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক মানুষ হিসেবেই সেদিন ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। সঠিক সময় বলতে ২০১০ বিশ্বকাপ ফাইনালের ১১৬তম মিনিট, স্থান জোহানেসবার্গের সকার সিটিতে হল্যান্ড দলের পেনাল্টি বক্স। সব সঠিক এক জায়গায় এসে মিলে গেল আর ইনিয়েস্তা ঢুকে গেলেন ইতিহাসে। স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি এল তাঁর পা থেকে। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের তালিকায় নাম লেখাল ফুটবলে চিরকালের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ব্যবধান রেখে যাওয়া দল স্পেন।
গত বিশ্বকাপে ফাইনালের লাইনআপ দেখে ফুটবল রোমান্টিকেরা দারুণ আনন্দই পেয়েছিলেন। যে-ই জিতুক বিশ্বকাপ, পাচ্ছে নতুন এক চ্যাম্পিয়ন। হল্যান্ড বা স্পেন—দুটি দলের জন্যই প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলার হাতছানি হয়ে এসেছিল ফাইনালটি। কিন্তু ‘ক্লাসিক’ বলতে যা বোঝায়, তা দেখা গেল না খেলাটিতে। স্পেনের ‘টিকি-টাকা’ ফুটবল-কৌশলকে নস্যাত্ করে দেওয়ার অভিপ্রায়ে ডাচরা খেলল অসম্ভব নেতিবাচক ফুটবল। ডাচদের রাফ অ্যান্ড টাফ ট্যাকটিকসের সামনে জাভি-ইনিয়েস্তাদের মতো সৃষ্টিশীল ফুটবলাররা হয়ে পড়লেন অসহায়। সব মিলিয়ে চোখের জন্য আনন্দদায়ী কিছুই বেরিয়ে এল না বিশ্বকাপ ফাইনাল থেকে।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হলো গোলশূন্যভাবে। অতিরিক্ত সময়ের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরও দেখা নেই গোলের। খেলাটি যখন টাইব্রেকারের দিকে এগিয়ে চলেছে, এমন সময় স্পেনের ত্রাণকর্তা আর হল্যান্ডের অসুর হয়ে আবির্ভূত ইনিয়েস্তা। একটি প্রতি-আক্রমণ থেকে পাওয়া বলে ফ্যাব্রিগাস বল বাড়িয়ে দিলেন হল্যান্ড ডি-বক্সের মধ্যে। ডি-বক্সের ডানপ্রান্তে ইনিয়েস্তা তা পেয়ে পরাভূত করলেন ডাচ গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গকে।
প্রিয় পাঠক আর কথা না বাড়িয়ে আসুন ইনিয়েস্তার মুখ থেকেই জানা যাক তাঁর সেই গোলটির আদ্যোপান্ত...
গত বিশ্বকাপের দুই মাস আগে আমি ছিলাম চোটে আক্রান্ত। আমার বিশ্বকাপটাই শেষ হয়ে যেতে বসেছিল ওই চোটে। তবু আমি বিশ্বকাপটা খেলতে চেয়েছিলাম মনেপ্রাণেই। কিন্তু চোটটা ছিল ভয়াবহ। প্রায় আট সপ্তাহ আমি মাঠের বাইরে ছিলাম। ওই সময় আমি নিজেকে খুব দুর্ভাগা ভাবতাম। বিশ্বকাপ খেলারই কথা ছিল না আমার। কিন্তু ভাগ্য ভালো শেষ পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকায় যেতে পেরেছিলাম। মাঠে নামতে পেরেছিলাম আর শেষটা তো সবারই জানা, আমি স্পেনের বিশ্বকাপ জয়ে রাখতে পেরেছিলাম দারুণ অবদান।
বিশ্বকাপের আগে চোটগ্রস্ত অবস্থায় আমাকে দারুণ সহযোগিতা করেছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্তারা। কোচ ভিসেন্তে দেল বস্ক, ফেডারেশনের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো—সবার সার্বিক সহযোগিতায় আমি বিশ্বকাপটা খেলতে পেরেছিলাম। তাঁদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষাও আমার নেই।
এবার আসি ফাইনালের গোলটিতে। বলটা পেয়েই গোল ছাড়া অন্যকিছু ভাবিনি। সৌভাগ্য যে আমার দৃষ্টিসীমার মধ্যে হল্যান্ডের গোলপোস্ট ছিল। পুরোপুরিই বুঝতে পারছিলাম বলটা ডাচ গোলপোস্টের কোন দিক দিয়ে প্রবেশ করাতে হবে।
গোল করার আগেই আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিলাম। অপেক্ষায় ছিলাম কখন বলটি আমার সামনে পড়ে। বলটা আমার সামনে ড্রপ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শট নিলাম। বলটা যখন গোলরক্ষক স্টেকেলেনবার্গকে পরাভূত করে জাল কাঁপিয়ে দিল, সেই অনুভূতির কথা আমি বলতে পারব না! আমার ওই মুহূর্তের কিচ্ছু মনে নেই। তবে এটা বুঝতে পারছিলাম, আমিই স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে গিয়েছি।
অনুভূতিটা আসলে ঠিক বলে বোঝানোর মতো নয়। সূত্র: ওয়ার্ল্ড সকার।