‘বিশ্বকাপ জিততে পারে উইন্ডিজও’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ফেবারিট হিসেবে বিবেচনা করছেন না প্রায় কেউই। কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপে ক্যারিবীয়রাও শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারে বলে মনে করছেন ব্রায়ান লারা। গতকাল আইসিসির বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ক্যারিবীয় ক্রিকেটের এই কিংবদন্তি।২০১০ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। কিন্তু সেবার তা সদ্ব্যবহার করতে পারেননি ক্যারিবীয় ক্রিকেটাররা। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ পর্বের বাধা পেরোলেও থমকে যেতে হয়েছিল দ্বিতীয় রাউন্ডেই। তবে এবার মারমুখী ওপেনার ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, সুনীল নারাইনদের পারফরম্যান্সে ভর করে ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জয়ের স্বাদ পেয়েও যেতে পারে বলে মন্তব্য করেছেন ব্রায়ান লারা। গতকাল আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া সাবেক এই উইন্ডিজ ক্রিকেটার বলেছেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের সম্ভাবনা আছে। এবারের দলটির দিকে তাকালেই বোঝা যায় যে তারা শিরোপার অন্যতম দাবিদার। ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ব্র্যাভো ভাইয়েরা চমত্কার পারফরম্যান্স দেখিয়ে বিশ্বমানের ক্রিকেটারের পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের যেকোনো বোলারের মুখোমুখি হতে তাদের সমস্যা হওয়ার কথা নয়।’এবারের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারজয়ী সুনীল নারাইনের দিকে বিশেষ নজর রাখতে হবে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন লারা। বলেছেন, ‘সুনীল নারাইনের দিকে সবার নজর দিতে হবে। সে খুবই বিপজ্জনক বোলার। আমার মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনার ও পার্টটাইম বোলাররা একটা মুখ্য ভূমিকা পালন করবে। শ্রীলঙ্কার তুলনামূলক ধীরগতির উইকেট এ ধরনের ক্রিকেটারদের জন্য বিশেষভাবে সহায়ক।’ ইএসপিএন।