২০১১ বিশ্বকাপে বাংলাদেশ ছিল তিন আয়োজক দেশের একটি। আর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে শুধুই বাংলাদেশে। বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের কাছে এককভাবে বিশ্বকাপ আয়োজনটাকে চ্যালেঞ্জিংই মনে হচ্ছে
বিশ্বকাপের ট্রফি ধরে দেখলেন গতকাল (পরশু)। এটা কি শুধুই একটা আনুষ্ঠানিকতা নাকি বিশেষ কিছু?
আবদুর রাজ্জাক: বিশেষ কিছু তো বটেই। সবচেয়ে বড় কথা, এত দিন মাথায়ই আসেনি বিশ্বকাপ শুরুর সময়টা এত কাছে চলে এসেছে। মনে হতো সময় তো আছে। মাঝখানে শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপ থাকাতেই এটা হয়েছে। ট্রফি দেখে প্রথমেই মনে হলো, আরে! বিশ্বকাপ তো চলে এসেছে!
ট্রফিটা কাছ থেকে দেখে বা স্পর্শ করে লোভ হয়নি কোনো? মনে হয়নি, এটা যদি রেখে দেওয়া যেত?
রাজ্জাক: লোভ তো হয়ই। কার হবে না বলেন? ট্রফি দেখার পর প্রথমেই মনে হয়েছে, এটা যদি পেতাম! বিশ্বকাপের ট্রফি মানে বিশাল এক ব্যাপার। আমার মতো সব খেলোয়াড়েরই একই রকম মনে হবে। যতবার দেখেছি ততবারই মনে হয়েছে, এটা রেখে দিতে পারলে খুব ভালো হয়।
২০১১ বিশ্বকাপের কয়েকটা ম্যাচ এখানে হলেও এবার তো বিশ্বকাপটা এককভাবেই আয়োজন করবে বাংলাদেশ...
রাজ্জাক: সবচেয়ে বড় ব্যাপার, এই বিশ্বকাপ সফলভাবে শেষ হলে আয়োজক হিসেবে আমরা আর পিছিয়ে থাকব না। মাঠের খেলায় আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজন মাঠের বাইরেও বাংলাদেশকে অনেক এগিয়ে দেবে।
কিন্তু এককভাবে বিশ্বকাপের মতো একটা আসরের আয়োজক হওয়াটা কি একটু চ্যালেঞ্জিংও নয়?
রাজ্জাক: সত্যি বলতে কি, ২০১১ বিশ্বকাপ ভারতভিত্তিক একটা বিশ্বকাপই হয়েছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা তাদের সাহায্য করেছে মাত্র। সে তুলনায় এককভাবে একটা বিশ্বকাপ আয়োজন করা অনেক বড় ব্যাপার। ভালোভাবে আয়োজন করলে সবাই যেমন আমাদের বাহবা দেবে, খারাপ কিছু ঘটলে সেটার দায়ভারও পুরো আমাদেরই নিতে হবে।
স্বাগতিক বাংলাদেশ মূল পর্বে যেতে না পারলে বিশ্বকাপটাই হয়ে যেতে পারে বিবর্ণ। টুর্নামেন্ট জমিয়ে রাখার বাড়তি দায়িত্ব চাপ হবে না তো?
রাজ্জাক: আমার মনে হয়, ওভাবে না ভাবাই ভালো। যেটা হয়ে গেছে, হয়ে গেছে। আইসিসি দুই পর্বের নিয়মটা করেছে, আমরা তা মানতে বাধ্য। এড়ানোর যেহেতু কোনো সুযোগ নেই, এ নিয়ে নেতিবাচক কিছুও না ভাবাই ভালো। তবে হ্যাঁ, স্বাগতিক দেশ চূড়ান্ত পর্বে যেতে না পারলে খারাপই হবে।
যখন শুনলেন চূড়ান্ত পর্বে খেলতে হলে প্রথম পর্ব উতরাতে হবে বাংলাদেশকে, কেমন লেগেছিল তখন?
রাজ্জাক: প্রথমে এটা উড়া উড়া শুনছিলাম। নিশ্চিত হয়েছি অনেক পরে। তখন অবাকই হয়েছি আসলে। স্বাগতিক দলকে কেন এভাবে খেলতে হবে! কোন হিসাবে এটা হলো জানি না।
প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচই আফগানিস্তানের সঙ্গে। অনেকে বলছেন, আফগানরাই নাকি বড় ভয় বাংলাদেশের জন্য...
রাজ্জাক: আফগানিস্তান ভালো দল, আমরা তার চেয়েও ভালো দল। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ওরা আমাদের ধারেকাছেও আসতে পারবে না। তবে মিডিয়ার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা আগে থেকে আফগানিস্তান জুজুটা খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দেবেন না। এমন কিছু না লেখাই ভালো, যাতে আমাদের তরুণ খেলোয়াড়দের মনে ‘যদি হেরে যাই’ ভয়টা ঢুকে যায়। ২০০৭ সালে কিন্তু ওই ভয়ের কারণেই আয়ারল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম।
দেশের মাটিতে বিশ্বকাপ চাপ না শক্তি?
রাজ্জাক: দেশের মাটিতে খেলতে আমার সব সময়ই ভালো লাগে। গ্যালারির সব দর্শক সাপোর্ট করছে, এর চেয়ে বড় শক্তি আর কী হতে পারে! খারাপ খেললে দুটো কথা বলবে, ওসব আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু ভালো খেললে তো এই দর্শকেরাই হাততালি দেবে, মিছিল করবে।