৪৭.৭৫ গড়ে পাঁচ ম্যাচে ১৯১ রান—সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও এনসিএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তাঁরই। অথচ দুঃসংবাদ, হাতে ব্যথা পেয়ে সাইক্লোনস অব চিটাগং ওপেনার তামিম ইকবালের জন্য অনিশ্চিতই হয়ে পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা! তিনি নিজে অবশ্য আশাবাদী, বিশ্বকাপটা খেলবেন এবং বাংলাদেশের পারফরম্যান্সটাও হবে উজ্জ্বল ইনজুরির সর্বশেষ অবস্থা কী?তামিম ইকবাল: বাঁ হাতের এই জায়গাতে আমার আগে থেকেই একটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল। ডাক্তারদের মতে, সেই ফ্র্যাকচারটাই আরও ফাঁক হয়ে গেছে এবার। এ ধরনের ইনজুরি সারতে এমনিতে তিন থেকে চার সপ্তাহ লাগে। তবে আমার ক্ষেত্রে ডাক্তাররা পাঁচ দিন পর আবার পরীক্ষা করে দেখবেন। হাতে এখন ব্যথা আছে। তার পরও গ্রিপ স্ট্রেংথটা ফিরে এলে হয়তো খেলতে পারব। না হলে তো আর কিছু করার থাকবে না। জাতীয় দলের ফিজিও কী বলছেন?তামিম: ফিজিওর বিশ্বাস, ইনজুরি তত গুরুতর নয়, আমি পারব। আর আমিও বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট মিস করতে চাই না। তারপরও ডাক্তাররা যেভাবে বলেন সেভাবেই হবে সবকিছু। আমরা বিশ্বকাপে যাব ২৪ তারিখ। এর আগের দিনই জেনে যাব কী অবস্থা। ইনজুরিতে পড়লেন। এনসিএল টি-টোয়েন্টি লিগেও আপনার দল সাইক্লোনস অব চিটাগং সেমিফাইনালে উঠতে পারল না। সব মিলিয়ে নিশ্চয়ই হতাশ...তামিম: হতাশ তো অবশ্যই। আমি মনে করি, টুর্নামেন্টে অন্যতম সেরা দল ছিল আমাদেরটা। সে কারণে একটু বেশিই হতাশ। এত বাজে ফলাফল আশা করিনি। টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শোয়েব আখতারকে আনা কতটা যুক্তিযুক্ত ছিল?তামিম: শোয়েবকে আনার সিদ্ধান্ত অনেকটা আমারই ছিল। আমাদের দেশে টি-টোয়েন্টি ম্যাচ বেশির ভাগ সময় ১৬ থেকে ২০ ওভারের মধ্যে ঘুরে যায়। পিসিএলে দেখেছি পাকিস্তানের বোলাররা স্লগ ওভারে ৫ থেকে ৬ রানের বেশি দিত না। আর আমাদের ব্যাটিং লাইনআপ খুব ভালো ছিল। আমরা তাই চাচ্ছিলাম একটা ভালো অলরাউন্ডার আনতে। আইপিএলের কারণে সেটা না পারায় পরে শোয়েবকে আনা হয়। ও যে খুব খারাপ বল করেছে, তাও নয়। তবে আমাদের দরকার ছিল ম্যাচের শুরুতেই উইকেট, সেটাই সে দিতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিই ধরা হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি লিগকে। সেই প্রস্তুতিটা কেমন হলো আপনাদের?তামিম: এ রকম টুর্নামেন্ট হওয়া তো অবশ্যই ভালো। কিন্তু খালি টুর্নামেন্ট করলে তো হবে না, সবার পারফর্মও করতে হবে। সেদিক দিয়ে তো বেশির ভাগ খেলোয়াড়ের জন্যই খারাপ কেটেছে টুর্নামেন্টটা...তামিম: তাও ভালো কথা যে সবাই ম্যাচের মধ্যে আছে। ব্যাটসম্যানরা রান যাই করুক প্র্যাকটিসের চেয়ে ম্যাচ খেলা সব সময়ই ভালো। তার পরও দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের বেশির ভাগই ফর্মে নেই। এ অবস্থায় বিশ্বকাপে কী প্রত্যাশা থাকবে আপনাদের?তামিম: আমাদের নিজেদের মধ্যেও এসব নিয়ে কথা হয়। একসঙ্গে যখন সবাই বসি, নিজেদের মধ্যে কথা বলি...আমরা আসলে কী করতে পারি। একটা দিন যদি আমাদের দলের দুই-তিনজন ক্রিকেটার একসঙ্গে ভালো খেলতে পারে, অস্ট্রেলিয়া বা পাকিস্তানকে হারানো আমাদের পক্ষে সম্ভব। অস্ট্রেলিয়া-পাকিস্তান নামগুলো শুনতে হয়তো ভয়ংকর লাগে। কিন্তু আমরা খেলোয়াড়েরা তো বিশ্বাস করি, তাদের হারানো সম্ভব। এটাই সবচেয়ে বড় জিনিস। হারি-জিতি পরের কথা, তবে আমরা আগে থেকে হার মেনে নিচ্ছি না।