‘বিশ্বকাপ শিরোপাটা আমার ছেলেকে অনুপ্রাণিত করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৩ সালে কপিল দেব যখন বিশ্বকাপ শিরোপাটা হাতে নিয়েছিলেন, বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসেবে ভারতের আবির্ভাবের কথা জানান দিয়েছিলেন, তখন শচীন টেন্ডুলকার মাত্র ১০ বছরের বালক। তখনো হয়তো কেউ জানতই না যে ক্রিকেট বিশ্বে কী যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে এ বালকটি। তবে কপিল দেবদের এই বিশ্বকাপ শিরোপা জয়টা কিন্তু ঠিকই অনুপ্রাণিত করেছিল ছোট্ট টেন্ডুলকারকে। নিজেও সেই মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। অনেক সাধ্য-সাধনার পর অবশেষে সফল হয়েছে সে স্বপ্ন। ২৮ বছর পর ক্রিকেটপাগল ভারতবাসীকে আবারও সেই বিশ্বজয়ের উন্মাদনায় মাতিয়েছেন টেন্ডুলকার, ধোনি, যুবরাজরা। আর এবারের এ বিশ্বকাপ শিরোপাটা নিজের ছেলেকে অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করছেন লিটল মাস্টার।চার দিন আগে জীবনের সবচেয়ে আবেগঘন দিনটি কাটানোর পর গতকাল আবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরেছিলেন শচীন টেন্ডুলকার। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত যাত্রাটা ছিল পুরোটাই স্বপ্নের মতো। গোটা দেশবাসী তখন আনন্দে ভাসছিল। আমার মা খুব খুশি হয়েছিলেন। বাবার কথাও খুব মনে পড়ছিল। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়টা আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছিল, আমার ধারণা এবারের এ ঐতিহাসিক মুহূর্তটাও আমার ছেলেকে (অর্জুন) সেভাবেই অনুপ্রাণিত করবে।তবে ছেলে যে ক্রিকেটজগতেই আসবে এমন কোনো প্রত্যাশা নেই টেন্ডুলকারের। তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন, ছেলের ভবিষ্যত্ নিয়ে কোনো ধরনের চাপ প্রয়োগ করবেন না। বলেছেন, ‘আমি কখনোই তাকে কোনো নির্দিষ্ট পেশায় আসার জন্য চাপ দিতে চাই না।’ টাইমস অব ইন্ডিয়া।