
তিনি জার্মান ফুটবলের ‘কাইজার’। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যেন ফুটবলের বিষয়ে জার্মানিতে শেষ কথা। আর হবেন নাই-বা কেন! এই একটি লোকই যে দেশটিকে দুইবার বিশ্বকাপ জিতিয়েছেন। একবার অধিনায়ক হিসেবে, ১৯৭৪ সালে। আরেকবার কোচ হিসেবে, ১৯৯০ সালে। সেই বেকেনবাওয়ারের মুখে শুনুন বিশ্বকাপ সাফল্যের টোটকা—
মাঠে চাপটা সব সময়ই থাকে। এই চাপ রীতিমতো দ্বিগুণ হয়ে যায় স্বাগতিক দলের জন্য। সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে জয়ের জন্য। চুয়াত্তরের বিশ্বকাপটা হয়েছিল একটা বিয়োগান্তক ঘটনার দুই বছর পর। হ্যাঁ, আমি ১৯৭২ সালের মিউনিখ ট্র্যাজিডির কথাই বলছি। মিউনিখের ওই ভয়াবহ ঘটনার পর থেকে খেলোয়াড়দের চলাফেরার স্বাধীনতা একরকম কেড়েই নেওয়া হয়েছিল। আমরা হয়ে পড়েছিলাম বন্দী। ব্যাপারটা আমাদের জন্য ছিল যথেষ্ট চাপের।
বিশ্বকাপের শুরুটা আমাদের ভালো হয়নি। পূর্ব জার্মানির কাছে হেরে যাওয়ায় শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। ব্যাপারটা আমাদের মধ্যে সতর্কবার্তা হিসেবেই কাজ করেছিল। এর পরই আমরা গা-ঝাড়া দিয়ে উঠি। সব খেলোয়াড় একজোট হয়ে পশ্চিম জার্মানিকে একটা একতাবদ্ধ দল হিসেবে দাঁড় করাই।
পূর্ব জার্মানির বিপক্ষে ম্যাচটার কথা বিশেষ করেই বলতে হয়। রাজনৈতিক কারণে ওই ম্যাচটা ছিল যথেষ্ট গুরুত্বের। ওই ম্যাচে নিরাপত্তা-সংক্রান্ত এমন কড়াকড়ি দেখেছিলাম, যা আগের দুটো বিশ্বকাপে চোখে পড়েনি। ম্যাচটা নিয়েও আছে বিভিন্ন ধরনের বিতর্ক, সে যা-ই হোক। আসল কথা হচ্ছে ওই খেলাটায় আমরা হেরে গিয়েছিলাম।
হল্যান্ডের বিপক্ষে পশ্চিম জার্মানির ফাইনালের প্রসঙ্গে আসা যাক। ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল হল্যান্ড। কিন্তু আমার কাছে মনে হয়েছে এগিয়ে যাওয়ার পর ডাচরা মনোযোগ হারিয়ে ফেলেছিল। এই সুযোগটাই আমরা নিয়েছিলাম। জার্ড মুলার স্কোরলাইন ২-১ বানিয়ে ফেলার পর আমি নিশ্চিত ছিলাম আমরা লিডটা ধরে রাখতে পারব। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।
ফাইনালে ইয়োহান ক্রুইফ হলুদ কার্ড দেখেছিল। ডাচ খেলোয়াড়েরা একটু বাজে ব্যবহার করছিল। এসব দেখে আমার মনে হচ্ছিল ওরা নিজেদের স্নায়ু ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ২-১ গোলে এগিয়ে যাওয়াটা ছিল বিরাট মানসিক সুবিধা। সেই সুবিধা পুরোপুরি কাজে লাগিয়েই আমরা বিশ্বকাপ ঘরে তুলেছিলাম।
চুয়াত্তরের ফাইনালে হল্যান্ড দলকে নিয়ে পল ব্রেইটনারের একটা পর্যবেক্ষণ আছে। যে দলটি পুরো বিশ্বকাপে এত চমত্কার ফুটবল খেলল, যাদের ওই বিশ্বকাপে রীতিমতো অজেয় অভিহিত করা হচ্ছিল, ফাইনালে তারা এভাবে হেরে গেল কেন? ব্রেইটনারের বিশ্লেষণ হচ্ছে, প্রথম গোলটি করেই ডাচদের মধ্যে একটা হামবড়া ভাব এসে গিয়েছিল। ‘এই ম্যাচটাও আমরা জিততে যাচ্ছি’—এ ব্যাপারটা পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই মনোভাবটাই সেদিনকার ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে জিততে দেয়নি প্রতিযোগিতার সেরা দল হল্যান্ডকে।
এবার আমার বিশ্লেষণটা শুনুন। আমার মতে, ফাইনালে সেদিন হল্যান্ড এক গোলে এগিয়ে যাওয়ার পর পরিকল্পনাটা করেছিল ভুল। তারা ভেবেছিল পুরো প্রতিযোগিতার মতোই ফাইনালটাও এগিয়ে যাচ্ছে তাদের পরিকল্পনামতোই। তারা সেদিন পশ্চিম জার্মানির খেলাটা ধরতে পারেনি অথবা ধরার আগ্রহই দেখায়নি। ব্রেইটনারের সঙ্গে আমি একমত, মনোযোগটাই হারিয়ে বসেছিল গ্রেট ক্রুইফের দল।
সেবারই জুলেরিমে ট্রফির পর ফিফা প্রথম নতুন ট্রফি ব্যবহার করেছিল। আমরা জানতাম, ফাইনালে যারা ট্রফিটা পাবে তারা হবে একটা নতুন যুগের সূচনাকারী। সৌভাগ্যের ব্যাপার, শুরুটা আমরাই করেছিলাম। আমিই প্রথম ট্রফিটা ওপরে তুলে ধরেছিলাম। সত্যিই সে এক অনন্য অনুভূতি! সূত্র: ওয়ার্ল্ড সকার।
[বিশ্বকাপ কিংবদন্তিদের স্মৃতিচারণা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে প্রথম আলো অনলাইনে। গতকাল প্রকাশিত ইয়োহান ক্রুইফের স্মৃতিচারণা পড়ুন: ‘পরাজিতদের দল হিসেবেই আমরা বিখ্যাত
‘পরাজিতদের দল হিসেবেই আমরা বিখ্যাত’