‘বিশ্বকাপে কারও কোনো নিশ্চয়তা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিনটি বিশ্বকাপে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। ১৪ গোল নিয়ে এখন চোখ রাঙাচ্ছেন রোনালদোর বিশ্বরেকর্ডকে। সে রেকর্ড করতে পারুন আর নাই পারুন, নিজের নামটা বিশ্বকাপের সঙ্গে স্থায়ী করে ফেলেছেন। এবার বিশ্বকাপে জার্মান দল, দলের ভেতরের কথা ও অন্যান্য প্রসঙ্গে ভারতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন মিরোস্লাভ ক্লোসা স্পেনের বিপক্ষে সমস্যাটা কী হলো?মিরোস্লাভ ক্লোসা: আমরা ডিফেন্স নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। আমাদের মাঠে একেবারে চেপে ধরার জন্য স্প্যানিয়ার্ডরা যথেষ্ট বুদ্ধিমত্তা দেখিয়েছে। আমরা যখনই বলের দখল পেয়েছি, অনেক কিছু করার চেষ্টা করেছি; কিন্তু কোনো কাজ হয়নি। আমরা খেলার গতি কমিয়ে দিতে চেয়েছি, কিন্তু পারিনি। টুর্নামেন্ট জুড়ে আমরা যে রকম আক্রমণ করেছি, সেটাও পারিনি। এই টুর্নামেন্টেই দুবার আপনাদের দল জ্বলে উঠতে ব্যর্থ হলো। এটা তরুণদের জন্য কি শিক্ষনীয় ব্যাপার হলো?ক্লোসা: অবশ্যই। এই অভিজ্ঞতাটা ওদের ভবিষ্যতে খুব সহযোগিতা করবে। এটা ওদের জন্য দারুণ শিক্ষনীয় একটা সময়। একই সঙ্গে বলতে হবে, আমাদের তরুণ খেলোয়াড়েরা কিন্তু চূড়ান্ত ভালো পারফরম্যান্স করছে। এই খেলোয়াড়দের দিকেই জার্মানিকে ভবিষ্যতের জন্য চেয়ে থাকতে হবে। জার্মানির বিশ্বকাপ পারফরম্যান্সটা নানা কারণেই বিস্ময়কর। আপনি দলের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করেন?ক্লোসা: আমরা সব সময়ই মনে করতাম, একটা দল হিসেবে আমরা ট্রফিটা হাতে নেওয়ার যোগ্যতা রাখি। দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনালেই হোঁচট খেলাম আমরা। তার পরও আমরা কিন্তু দারুণ প্রশংসনীয় পারফরম্যান্স করেছি। টুর্নামেন্ট জুড়েই দল খুব ভালো ফর্মে ছিল। আমরা একটা ইউনিট হিসেবে পরস্পরের সঙ্গে একদম লেগে ছিলাম; মাঠে সেটাই দেখা গেছে। কয়েকটা নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছি আমরা। সব মিলিয়ে যেভাবে খেলেছি, তাতে আমরা গর্বিত। দলে জোয়াকিম লোর প্রভাব কতটা?ক্লোসা: তাকে আমাদের এই দলটার মেরুদণ্ড বলতে পারেন। খুবই ভিন্ন ধরনের একজন কোচ। ঘটনা হলো, সে তরুণ ও প্রাণবন্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ও মানুষ হিসেবে খুব ভালো। এতে করে দলের সঙ্গে ভালো মিশে যেতে পারে। খুবই দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। ও জানে একজন খেলোয়াড়ের ভেতর থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়। আর এটাই একজন কোচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার নিশ্চয়ই টমাস মুলার। আপনি কি মনে করেন, জার্মান ফুটবলের ভবিষ্যৎ মহাতারকা সে?ক্লোসা: অবশ্যই। নিশ্চিতভাবেই। টমাস দলে একটা অন্য রকম গতি নিয়ে এসেছে। টুর্নামেন্টে কয়েকটা গুরুত্বপূর্ণ গোলও করেছে। আমার যেটা সবচেয়ে ভালো লাগে, ওর শেখার বিপুল আগ্রহ। তবে ওর জন্য গুরুত্বপূর্ণ হবে মনোযোগটা হারিয়ে না ফেলা। ও যদি এভাবে খেলা চালিয়ে যায়, তাহলে আমি নিশ্চিত, একদিন ও অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত হবে। আপনারা কি মাইকেল বালাককে মিস করেন?ক্লোসা: বালাকের মতো খেলোয়াড় যেকোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওর প্রচুর অভিজ্ঞতা আছে। এই পর্যায়ে সেই অভিজ্ঞতাটা খুব কাজে দেয়। কিন্তু ব্যাপারটা তো আমাদের হাতে নেই। ফলে এ নিয়ে চিন্তা করার কোনো অর্থ হয় না। ফিলিপ লাম ও বালাকের মধ্যে অধিনায়কত্ব নিয়ে বিবাদটা কতটা সিরিয়াস? আপনার কি মনে হয়, এই ঘটনা সেমিফাইনালে দলের ওপর প্রভাব ফেলেছে?ক্লোসা: আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কী বিবাদের কথা বলছেন! ফিলিপ তার মনে যা আছে, বলে ফেলেছে। এটাই সব সময় ভালো। এ বিষয়ে আমার কিছু বলাটা অন্যায় হবে। তবে একটা বিষয় নিশ্চিত, এ ঘটনায় দলে কোনো প্রভাব পড়েনি। এসব ঘটনা এত্ত ছোট যে দলে কোনো প্রভাব ফেলার ক্ষমতাই নেই। বিশ্বকাপে বড় তারকাদের অনেকেই ব্যর্থ হলেন। কারণ কী?ক্লোসা: এটা খুব বিস্ময়কর যে বড় তারকাদের কেউই তেমন ভালো পারফরম্যান্স করতে পারল না। কারণটা তারাই ভালো বলতে পারে। তবে এতে প্রমাণ হয়, বিশ্বকাপটা কত উন্মুক্ত একটা টুর্নামেন্ট। বিশ্বকাপে কারও কোনো নিশ্চয়তা নেই। এটাও ঠিক, ক্লাব আর জাতীয় দলের হয়ে খেলা পুরোপুরি ভিন্ন দুই বিষয়। এই টুর্নামেন্ট থেকে কী নিয়ে ফিরছেন?ক্লোসা: অনেক কিছু। বিশ্বকাপ খেলাটাই তো সব সময় একটা বিরাট অভিজ্ঞতা। অনেক বন্ধু তৈরি হয়। সবাই মিলে একটা পরিবার হিসেবে থাকতে শেখা যায়। তবে আমি এই টুর্নামেন্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে যাচ্ছি, সেটা বিশ্বাস। আমি এখন বিশ্বাস করতে পারি, এই খেলোয়াড়েরা প্রত্যেকে এক একজন চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। এরা আমাদের ভবিষ্যৎ আসরগুলোতে গর্বিত করবে। বিশ্বকাপে আপনার সেরা সময় কোনটি?ক্লোসা: আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে খুব ভালো লেগেছে। যখন দুটি পরাশক্তি মুখোমুখি হয়, তখন এ রকম একটা স্কোরলাইন কল্পনাও করা যায় না। কিন্তু সেদিন আমাদের সত্যিই অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। মনে হচ্ছিল, সবকিছু আমাদের জন্যই ঠিক হচ্ছে। এটা অবিশ্বাস্য একটা অর্জন। আবার জার্মানি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। এটা কি হতাশাজনক?ক্লোসা: অন্তত এতে আমরা এটুকু দেখানোর সুযোগ পাচ্ছি যে আমরা পৃথিবীর চতুর্থ সেরা দল নই। কিন্তু এটা খুব কষ্টের যে পরপর দুবার আমরা ফাইনালের ঢিল ছোড়া দূরত্বে পৌঁছেও ফাইনালে উঠতে পারলাম না। সে যা-ই হোক, উরুগুয়েও খুব ভালো দল। দুদলই কোনো ভয়-ভীতি ছাড়াই খেলবে। ফলে অনেক উন্মুক্ত আক্রমণ, প্রতি-আক্রমণের খেলা হবে। মাথা উঁচু করেই বিশ্বকাপটা শেষ করতে চাই আমরা।