'বিশ্বকাপে ব্রাজিল সব সময় ফেবারিট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম চ্যালেঞ্জ ছিল বিশ্বকাপ বাছাইপর্ব পেরোনো। ২০১১ সালের আগস্টে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়া আলেসান্দ্রো সাবেলা ব্যর্থ হননি। কিন্তু বড় চ্যালেঞ্জ তো সামনে—বিশ্বকাপ ট্রফির জন্য আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা ঘোচানো। সেই চ্যালেঞ্জে নামার মাস দুয়েক আগে আর্জেন্টিনার কোচ মুখোমুখি ফিফা ডট কমের। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ

আলেসান্দ্রো সাবেলা
আলেসান্দ্রো সাবেলা

কেউ বলছে ‘আর্জেন্টিনা সহজ গ্রুপ পেয়েছে’, কেউ বলছে ‘বিশ্বকাপে সহজ দল বলতে কিছু নেই’। এর মধ্যে কোনটা এ মুহূর্তে আপনার দলের জন্য বেশি প্রযোজ্য?
আলেসান্দ্রো সাবেলা: আমি বরং আপনাকে তৃতীয় একটা মত দিই, যেটা এই দুইয়ের মাঝামাঝি। আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। যদি আমরা সেরাটা দিতে পারি, তাহলে গ্রুপ যতটা সহজ দেখাচ্ছে তার চেয়েও সহজ হয়ে যেতে পারে। আর যদি শতভাগ দিতে না পারি, তখন যেকোনো দলই আমাদের কাজটা কঠিন করে দিতে পারে। গ্রুপটাও তখন অনেক কঠিন হয়ে যাবে।
চোটের ঝুঁকি তো সব সময় আছে। এসব ক্ষেত্রে লিওনেল মেসির মতো ফুটবলারের জন্য আপনার কি কোনো ‘প্ল্যান বি’ আছে?
সাবেলা: আপনাকে সব সময়ই ‘প্ল্যান বি’ ভেবে রাখতে হবে। বিশ্বকাপ মানেই বড় ফুটবলারদের নিয়ে কাজ-কারবার। আপনার মাথার মধ্যে আগেই একটা তালিকা থাকতে হবে এবং বিকল্পও ভেবে রাখতে হবে। কখনো কখনো ‘প্ল্যান বি’ মূল পরিকল্পনার মতোই কাজ করবে, কখনো করবে না। তখন আপনাকে মানিয়ে নিতে হবে।
তাহলে মেসিকে নিয়ে আপনার পরিকল্পনাটা কী?
সাবেলা: আমরা লিওকে (মেসি) ছাড়া কয়েকটা ম্যাচ খেলেছি। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, তার কোনো বিকল্প নেই। বিশ্বে এমন কোনো ক্লাব কিংবা এমন কোনো জাতীয় দল নেই, যেটা মেসিসহ আর মেসি ছাড়া একই রকম খেলবে। আমরা তার ওপর এতই নির্ভরশীল যে সে না থাকলে সেটা চোখে পড়ে। যদি এ রকম পরিস্থিতিতে পড়তেই হয়, তাহলে ম্যাচের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর আমাদের তো একটা পরিকল্পনা আছেই। রোমে ইতালির বিপক্ষে ম্যাচে মেসি ছিল না, আগুয়েরোও না। কিন্তু আমরা সামলে নিয়েছি। হয়তো এ রকম আবার হবে না, কিন্তু হলে আমরা সামাল দিতে পারব।
আর্জেন্টিনার রাস্তায় সাধারণ সমর্থকদের দাবিটা কী?
সাবেলা: আমি খুব বেশি বাইরে যাই না। কিন্তু যতটুকু দেখেছি, তাতে আর্জেন্টিনার মানুষের প্রচণ্ড আবেগই চোখে পড়েছে। ওরা তো ভাবছে আমরা বিশ্বকাপ জিতেই গেছি। আর্জেন্টিনা বিশ্বসেরা দল, আমি নিজেও এটা শুনে শুনেই বড় হয়েছি। এমনকি যখন আমরা কিছুই জিততে পারি না, তখনো তাদের এই ধারণা বদলায় না। এটাই স্বাভাবিক, আমরা আর্জেন্টাইনরা এমনই। আমরা যতটুকু ভালো, কখনো কখনো নিজেদের তার চেয়েও বেশি ভালো মনে করি। আর তখনই বাস্তব আমাদের মাটিতে নামিয়ে নিয়ে আসে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়। পরিশ্রম করতে হবে, পা মাটিতে রাখতে হবে।
দুই বছর আগেই আমাদের সঙ্গে এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন স্পেন আর জার্মানি বিশ্বসেরা দল। এদের পরে এসেছিল ব্রাজিলের নাম। এখনো কি একই কথা বলবেন?
সাবেলা: এখন আমি স্পেন আর জার্মানির সঙ্গে ব্রাজিলকেও রাখব। কনফেডারেশনস কাপে ওরা এত ভালো করেছে দেখে আমি মোটেও বিস্মিত হইনি। আসলে আমি ব্রাজিলের খেলা দেখে কখনোই বিস্মিত হই না। এমনি এমনি তো আর ওরা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি। ইতিহাস ঘাঁটলে দেখবেন, ওরা সব সময়ই বিশ্বসেরা দল ছিল। দক্ষতা, শারীরিক সামর্থ্য, টেকনিক সবই আছে ওদের। বিশ্বকাপে ওরা সব সময় ফেবারিট। এবার আরও বেশি, কারণ ওরাই স্বাগতিক।
নিজের মাঠে খেলাটা ওদের জন্য চাপ নয় বলেই মনে হচ্ছে...
সাবেলা: এ ব্যাপারটা নিয়ে আমি নিশ্চিত নই। নিজের মাঠে খেলা ভালো-মন্দ দুটোই আছে এবং এতেই খেলোয়াড়দের চরিত্রটা বোঝা যায়। স্বাগতিক হওয়া যেমন ভালো, তেমনি এটা আপনার বিপক্ষেও যেতে পারে। কনফেডারেশন কাপে ব্রাজিল সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছে। আমার মনে হয়, ওদের কোচ স্কলারির এতে একটা বড় ভূমিকা আছে। বিশ্বকাপেও তাই ওরা ভালো করবে বলেই মনে করি আমি।
সবাই তো এখন ভাবছে মারাকানায় ফাইনালটা হবে ব্রাজিলের বিপক্ষে অন্য কোনো দলের। আপনার কী মনে হয়?
সাবেলা: সম্ভাবনা যেহেতু আছে, এ নিয়ে কথা তো হতেই পারে। আপনি ড্রটা দেখলেই বুঝবেন, এটা হতেই পারে। তবে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। কারণ আমার মাথায় এখন অন্য চিন্তা। তার পরও আমি আশা করি, এটাই হোক।
আপনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান—এই প্রশ্নটা কি একটু আগেভাগেই করা হয়ে যায়?
সাবেলা: আমি জানি না প্রশ্নটা আগেভাগে হচ্ছে কি না। তবে আমি একজন পেশাদার, পরিশ্রমী হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই, যে সব সময় চেষ্টা করেছে সঠিক কাজটা করতে। কখনো পেরেছে, কখনো পারেনি। যে সব সময় চেয়েছে সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে, যে তার সামর্থ্যের সবটুকু ফুটবলকে দিয়েছে।
এই কথাগুলো আপনার নামের পাশে বিশ্বকাপের আগে লিখলে খুশি হবেন নাকি পরে?
সাবেলা: আপনি পছন্দ করুন বা না করুন, যা-ই লেখা হোক সেটা ক্যারিয়ার শেষেই লেখা হবে।