‘বিশ্বকাপের আগে পাকিস্তানে সিরিজ আয়োজন সম্ভব নয়’
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়নি। নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তান সফর থেকে বিরত থেকেছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তার ওপর এখন উঠেছে স্পট কেলেঙ্কারির অভিযোগ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট স্বীকার করেছেন, বিশ্বকাপের আগে পাকিস্তানে সিরিজ আয়োজন সম্ভব নয়।দেশে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান। কিন্তু লর্ডস টেস্টে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফদের স্পট কেলেঙ্কারি বিতর্ক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি স্বীকার করে নিয়ে ইজাজ বাট ক্রিকইনফোকে বলেন, ‘আইসিসির টাস্ক ফোর্স এমসিসি একাদশকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছিল। বন্যা-দুর্গতদের আর্থিকভাবে সহায়তা করার জন্য পাকিস্তান সফর করার প্রস্তাব দিয়েছিল জিম্বাবুয়ে। আমরাও বিভিন্ন দেশকে প্রস্তাব দিচ্ছিলাম। কিন্তু স্পট ফিক্সিং বিতর্ক সবকিছু এলোমেলো করে দিয়েছে। বিশ্বকাপের আগে আর সিরিজ আয়োজন সম্ভব নয়।’