‘বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগ ভালো’
ক্লাবের হয়ে যতটা ভালো খেলেন, জাতীয় দলের জার্সি গায়ে নাকি ততটা ভালো খেলতে পারেন না মেসি, রোনালদো, কাকা ও ইতোরা। এ নিয়ে কথাবার্তা চলছে অনেক দিন ধরেই। মেসি, রোনালদোরা অবশ্য এমন অভিযোগ পাত্তা দেন না। কিন্তু বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগে অনেক উঁচুমানের ফুটবল খেলা হয় বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডের মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার।গ্রুপ পর্বে সবগুলো দলেরই প্রথম খেলা দেখার পর বিশ্বকাপ নিয়ে হতাশ স্নাইডার। তাঁর মতে, জার্মানি ছাড়া ফেবারিট অন্য কোনো দলই তাদের যোগ্যতার পরিচয় দিতে পারেনি। বিশ্বকাপে বা ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো একটা দল ছয়টি বা সাতটি ম্যাচেই অসাধারণ খেলেছে—এমনটা মনে করতে পারেন না ইন্টার মিলানের এই মিডফিল্ডার। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই মিডফিল্ডার এবার ডাচদের শিরোপা জয়ের লড়াইয়ের অন্যতম যোদ্ধা। ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলে জিতে শুরুটা ভালোই করেছে নেদারল্যান্ড। বরাবরই ডাচদের সুনাম রয়েছে আকর্ষণীয় ফুটবলের জন্য। কিন্তু স্নাইডার, ফন পার্সি ও বোমেলের মতো ডাচ তারকারা এখন শুধু ফলাফলের ওপরই জোর দিচ্ছেন। উত্তর কোরিয়ার বিপক্ষে প্রায় শূন্য কোণ থেকে ব্রাজিলের মাইকনের করা গোলটি নিয়ে সবাই খুব বিস্মিত হলেও খুব একটা অবাক হননি তাঁর ইন্টার মিলান সতীর্থ স্নাইডার। ‘আমি তাকে চিনি, এ ধরনের গোল করার অনুশীলন তাকে আমি করতে দেখেছি’, বলেছেন স্নাইডার।