‘বিশ্বকাপের চেয়েও কঠিন ইউরো চ্যাম্পিয়নশিপ’
ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা আরও একবার যদি শ্রেষ্ঠত্বের স্বাদ পেতে চায়, তাহলে তাদের কঠিন পরীক্ষারই সম্মুখীন হতে হবে। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো ইউরোপ-সেরা হওয়ার পর বিশ্বকাপও ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার অসামান্য কৃতিত্বকেও সঙ্গী করেছে দলটি। কিন্তু এবারের ইউরোয় স্পেন কত দূর কী করতে পারবে, তা নিয়ে কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। এর মূল কারণ বর্ণনা করেছেন স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলনসো নিজেই। তাঁর মতে, ‘যত দিন যাচ্ছে, জেতাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে।’জাবি আলনসো বলেন, ‘এবারের ইউরোয় শিরোপা ধরে রাখার জন্য আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমারা জিতব কেবল তখনই যখন দলের প্রতিটি খেলোয়াড় মাঠে নিজেদেরও ছাড়িয়ে যেতে পারবে।’গত এক বছরে স্পেনের খেলায় কিছুটা হলেও ধারাবাহিকতার অভাব দেখা দিয়েছে। দলটি হেরেছে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে। সব মিলিয়ে, স্পেনের জন্য এবারের ইউরো অভিযাত্রাটা যে মোটেও সহজ হচ্ছে না, তার ইঙ্গিত কিন্তু এ মুহূর্তে যথেষ্ট দৃষ্টিগোচর।‘আমরা ইউরোর শিরোপা ধরে রাখার লক্ষ্যে যথেষ্ট ভালো দল—এ নিয়ে কারও মধ্যে কোনো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে, প্রতিটি দলই প্রস্তুতিতে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রতিটি দলই মাঠে নামছে জয়ের ক্ষুধা নেই। সবাই সবাইকে ছাপিয়ে যাওয়ার যে লড়াইটা চলছে, তাতে সবকিছুই কঠিন হয়ে গেছে।’ আলনসোর মন্তব্য। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের মতে, ‘বিশ্বকাপের চেয়েও ইউরো চ্যাম্পিয়নশিপ কঠিন প্রতিযোগিতা। কারণ, এখানে ভুল-ভ্রান্তির কোনো অবকাশ নেই।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপেও এত নির্ভুল খেলার দরকার পড়ে না যতটা ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে হয়।’রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত। অনেকের মতে, এই দুই ক্লাবের বিভক্তি মাঝেমধ্যেই স্প্যানিশ দলের খেলার মান কমিয়ে দেয়। জাবি আলনসো অবশ্য ‘নিন্দুক’দের এই কথা উড়িয়ে দিয়ে বলেছেন, আমাদের মধ্যে যে কোন দ্বন্দ্ব নেই, তার বড় প্রমাণ স্পেন দলের পারফরম্যান্স। এই মৌসুমে রিয়াল স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বলে স্পেন দলে খেলা বার্সেলোনার কাতালান খেলোয়াড়েরা ঈর্ষা-কাতর হয়ে পড়বে, এমনটা মনে করেন না আলনসো। তিনি বলেন, ওরা আরও মুখিয়ে আছে, স্পেনের পক্ষে ভালো খেলে প্রমাণ করতে যে স্প্যানিশ দলে কোনো দ্বন্দ্ব নেই। আমরা যখন স্পেনের পক্ষে খেলি, তখন দেশের সাফল্যের চিন্তা ছাড়া আমাদের মনে আর কিছুই থাকে না। ওয়েবসাইট।