'বিশ্বকাপের চেয়েও বড় লা ডেসিমা'

যেকোনো সময় বেজে যেতে পারে রেফারির শেষ বাঁশি। ১-০ গোলে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে নিশ্চয়ই অসহায় বোধ করছিলেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তাঁর ভুলেই কী আরও একবার হতাশ হতে হবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের? পূর্ণ হবে না রিয়ালের ‘লা ডেসিমা’ স্বপ্ন? হেরে গেলে হয়তো এসব ভাবনাই তাড়া করে ফিরত ক্যাসিয়াসকে। কিন্তু শেষমুহূর্তে রিয়ালের ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সার্জিও রামোস। দারুণ এক হেড থেকে গোল করে খেলায় ফেরালেন রিয়ালকে। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ক্যাসিয়াস যেভাবে রামোসকে জড়িয়ে ধরে চুমু খেলেন, তাতে স্পষ্টই বোঝা গেল, অন্য যে কারও চেয়ে কয়েক গুণ বেশি খুশি হয়েছেন স্প্যানিশ গোলরক্ষক। রিয়ালের দশম ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা যে ক্যাসিয়াসের কাছে বিশ্বকাপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল!
প্রথমার্ধের ৩৬ মিনিটের মাথায় ক্যাসিয়াসের ভুলেই এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। গোলপোস্ট ছেড়ে বেশ খানিকটা সামনে এগিয়ে এসেছিলেন ক্যাসিয়াস। ডিয়েগো গডিনের হেডটায় খুব বেশি জোর না থাকলেও সেটা জালে জড়িয়েছিল ক্যাসিয়াস ভুল জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে। পেছনে ফিরে সেটা ক্লিয়ার করার প্রাণান্ত চেষ্টা করেও সফল হতে পারেননি। ৯৩ মিনিটে রামোসের গোলটা না হলে এই ভুলের আক্ষেপ সঙ্গী করে বিষণ্ন মুখে মাঠ ছাড়তে হতো রিয়ালের অধিনায়ককে। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আরও তিনটি গোল করে ম্যাচটা রিয়াল জিতেছে ৪-১ গোলে। দীর্ঘ ১২ বছর রিয়াল মাদ্রিদ এই ‘লা ডেসিমা’ জয়ের স্বপ্ন এমনভাবে আচ্ছন্ন হয়েছিল যে এটা ক্যাসিয়াসের কাছে হয়ে গিয়েছিল বিশ্বকাপের চেয়েও গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘লা ডেসিমা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের চেয়েও বেশি। আমরা এটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। প্রথমার্ধে আমাদের ভুগতে হয়েছে। আমার ভুলের কারণে তারা একটা গোলও পেয়েছিল। অ্যাটলেটিকো রক্ষণভাগে ভালো করেছে। ৯০ মিনিট শেষ হওয়ার পর সময়ও নষ্ট করেছে। কিন্তু তার পরও আমরা জিতেছি। আশা করছি মানুষ দীর্ঘদিন মনে রাখবে যে আমরা লিসবনে লা ডেসিমা জিতেছিলাম।’— গোল ডটকম