'বিশ্বকাপের তারকা হবে নেইমার'
পুরো ব্রাজিল তাকিয়ে নেইমারের দিকে। নেইমারকে কেন্দ্র করেই স্বপ্নের ডালা সাজাচ্ছেন ব্রাজিলিয়ানরা। থিয়াগো সিলভার ভবিষ্যদ্বাণী সত্যি হলে নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের এই মাতামাতিটা পূর্ণতাই পাবে। ব্রাজিল অধিনায়ক বললেন, নেইমারই হবেন বিশ্বকাপের তারকা।
এক বছর আগে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশকে শিরোপা উপহার দিয়েছিলেন নেইমার। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার সোনার বল। পিএসজির অধিনায়ক সিলভার বিশ্বাস, বিশ্বকাপেও একই রকম আলো ছড়াবেন নেইমার৷ তার মানে এই নয় যে বার্সেলোনার তারকার দিকেই তাকিয়ে থাকবে পুরো দল। ব্রাজিল অধিনায়ক বরং বলছেন দলীয় ঐক্য এবং দলের মানটাই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। সিলভা আত্মবিশ্বাসী সেই ঐক্যই তাঁদের পৌঁছে দেবে লক্ষ্যে। ‘দলের সমষ্টিগত মানই সব সময় আমাদের বড় শক্তি। দল হিসেবে আমরা দুর্দান্ত। আমরা তৈরি। আশা করি বিশ্বকাপটা হবে দারুণ’—মুন্ডো দেপোর্তিভোকে বলেছেন সিলভা।
২৯ বছর বয়সী ডিফেন্ডার এরপরই মনোযোগ ফিরিয়েছেন নেইমার প্রসঙ্গে, ‘নিশ্চিতভাবেই নেইমার ব্যক্তিগতভাবে জয়ী হবে। নেইমার হবে বিশ্বকাপের তারকা।’ ওয়েবসাইট।