'বিশ্বকাপের সেরা' নাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলো না। একটুর জন্য পারলেন না কোস্টারিকার কেইলর নাভাস l এএফপি
হলো না। একটুর জন্য পারলেন না কোস্টারিকার কেইলর নাভাস l এএফপি

“রাজাসনে বসি’ হওনি ক’ রাজা, রাজা হ’লে বসি, হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশী ব্যথা পেলে তব বিদায়ে!”
হ্যাঁ, কোস্টারিকার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া রাজা এখন কেইলর নাভাস। কোস্টারিকার বিদায়ে তিনি-ই হয়তো বেশি কষ্ট পেয়েছেন। দলকে যে শেষ রক্ষা করতে পারলেন না। পরশু হল্যান্ড কোচ লুই ফন গালের ছকের কাছে হার মেনে থেমে যেতে হয়েছিল নাভাসকে।
গ্রিক সাম্রাজ্য গুঁড়িয়ে এই ‘বাজপাখির’ ডানায় চড়েই কোয়ার্টার ফাইনালে এসেছিল কোস্টারিকা। পরশু দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ডাচদের সামনেও। হল্যান্ড-কোস্টারিকা ম্যাচে শুরুর ২২ মিনিটের মাথায় ফন পার্সি এবং ওয়েসলি স্নাইডারের দুটি শট পরপর আটকে দিয়েছিলেন নাভাস। এরপর ৩৯ মিনিটে স্নাইডারের আরেকটি ফ্রি-কিক দুর্দান্তভাবে রুখে দেন। ম্যাচজুড়ে এভাবেই হল্যান্ডের একের পর এক শট ঠেকিয়ে দিয়ে কোস্টারিকার আশা জিইয়ে রেখেছিলেন তিনি-ই। শেষতক টাইব্রেকারে গিয়ে হারতে হলো কমলা সেনাদের কাছে।
তবু হোর্হে লুইস পিন্টো বলেছেন, ‘নাভাসই এবারের বিশ্বকাপের সেরা গোলরক্ষক।’ শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ কোস্টারিকা কোচ বলছেন, ‘আমরা খুশি, গর্বিত। পেনাল্টি বরাবরই এমন, হৃদয় রক্তাক্ত করে। তবে আমরা আমাদের খেলায় তৃপ্ত, পেনাল্টিতেও। পেনাল্টিতে হেরে গেলে সেটা আপনাকে মেনে নিতেই হবে।’
কোস্টারিকা ভালো খেলেছে পুরো টুর্নামেন্টেই, কোচ হিসেবে এটা তিনি বলতেই পারেন। তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র, ম্যাচসেরা খেলোয়াড় নাভাসও যে বলছেন একই কথা, ‘এই বিশ্বকাপ আমাদের জন্য বিশাল এক অভিজ্ঞতা। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। দলের সবাই ভালো খেলেছে। মাঠে নিজেদের সবটুকুই দিয়েছি। টুর্নামেন্টে আমরা কোনো ম্যাচ হারিনি। একটি পেনাল্টি শুটআউট মানেই কিন্তু হেরে যাওয়া নয়।’ ফিফাডটকম, গোলডটকম।