‘বিশ্বাস ছিল আউট করতে পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ব্যাটিংয়ের ধরনটা হয়তো বদলে গেছে, কিন্তু খুব বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশ দলের? দিন শেষে তো তাঁর নামটাই সবার ওপরে! পরশু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৪ বলে ৭৫ রান—নিজের ব্যাটিংয়ে সন্তুষ্টই মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ইনিংস খেললেন। নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট?মোহাম্মদ আশরাফুল: আমি সন্তুষ্ট। ৭৪ রানে ৪ উইকেট পড়ার পর কী পরিকল্পনা ছিল?আশরাফুল: পরিকল্পনা ছিল, রান যা-ই আসে অন্তত ২০ ওভার পর্যন্ত খেলব। এরপর যা হওয়ার হবে। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচেও ঠিক এভাবে ব্যাট করেছিলাম। বিশ্বাস ছিল, ভুল না করলে আমাকে আউট করতে পারবে না। ড্রেসিংরুম থেকেও কি একই বার্তা গিয়েছিল?আশরাফুল: ড্রেসিংরুম থেকে কোনো বার্তা আসেনি। আসলে আমাদের তো আগে থেকেই ঠিক করা থাকে ২ উইকেট পড়ে গেলে কী হবে, ২০ ওভার পর কীভাবে খেলতে হবে। কিছুদিন থেকেই আপনার ব্যাটিংয়ের ধরনটা অন্যরকম মনে হচ্ছে। মাঝখানে কোচ ব্যাকলিফট বদলানোর কথাও বলেছেন। পরিবর্তনটা আসলে কোথায় করছেন?আশরাফুল: আমি নিজেও ঠিক বলতে পারব না। চেষ্টা করছি, যত বেশি সময় উইকেটে থাকার। তবে ব্যাকলিফট বদলানো নিয়ে এখন আর ভাবছি না। খেলা চলছে, এখন পরীক্ষা-নিরীক্ষায় না যাওয়াই ভালো। যেভাবে খেললে উইকেটেও থাকা যায়, রানও করা যায়; সেভাবেই খেলব। শুরুটা বিপর্যয় দিয়ে হলেও বাংলাদেশ দলের স্কোরবোর্ডে শেষ পর্যন্ত ২৬০ রান। উন্নতির আরেকটি লক্ষণ কি বলবেন এটাকে?আশরাফুল: আসলে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই ভালো খেলছি। বিশেষ করে ব্যাটিংটা বেশি ভালো হচ্ছে। এর মূল কারণ সবাই সবার দায়িত্ব বুঝতে পারছে এখন। আরেকটা কারণ হয়তো লম্বা ব্যাটিং অর্ডার। সাত-আটেও মাহমুদ উল্লাহ-নাঈম ইসলামের মতো ব্যাটসম্যানরা আছে। শুরুটা খারাপ হলেও কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার বোলিং কেমন মনে হলো?আশরাফুল: খারাপ না...ওরা তো ভালোই বল করল। শিশির নিয়ে অনেক কথা হচ্ছে এই সিরিজে। মাঠে আসলে কী ধরনের সমস্যায় পড়েছেন?আশরাফুল: আমাদের দলে স্পিনাররাই স্ট্রাইক বোলার। কিন্তু এ ধরনের কন্ডিশনে স্পিনারদের পক্ষে ভালো বল করা কঠিন। বল ধরতেই সমস্যা হয়। আপনি হয়তো প্রথম বলটা কোনো রকমে করতে পারবেন, বাকি ৫টা বলে কিছুই হবে না। বল ঘোরে না বললেই চলে। স্পিনারদের বল না ঘুরলে তো ব্যাটসম্যানকে আউট করা কঠিন। সিরিজে এখনো অন্তত তিনটা ম্যাচ বাকি আপনাদের। এই ম্যাচগুলো নিয়ে কতটুকু আশাবাদী?আশরাফুল: আমার একটা বিশ্বাস আছে, আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলে অন্তত শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। সঙ্গে লাক ফেবার করতে হবে। প্রথম ম্যাচে ২৬০ রান করেও জেতা যেত, যদি শুরুতেই ওদের উইকেট ফেলতে পারতাম। ভারতের বিপক্ষেও জেতা যায়। আমরা যদি আমাদের সেরা খেলার চেয়েও একটু বেশি ভালো খেলি, আর ওরা একটু কম ভালো খেলে...ভারতের বিপক্ষে জেতা অসম্ভব হবে না।