
এক দিক দিয়ে তাঁর জন্য এটা প্রথম ডাক পাওয়াই। ২০১০ সালে সফরের মাঝপথে ইংল্যান্ডে উড়ে গেলেও খেলা হয়নি কোনো টেস্ট, নির্বাচকদের ঘোষিত প্রথম স্কোয়াডেও ছিলেন না তিনি। টেস্ট দলে এবারের ডাক পাওয়াটাকে তাই আলাদাভাবেই দেখছেন ব্যাটসম্যান শামসুর রহমান
টেস্ট দলে ডাক পেলেন। কেমন লাগছে?
শামসুর রহমান: টেস্ট দলে ডাক পেয়ে খুবই ভালো লাগছে। ভাষায় প্রকাশ করতে পারব না আসলে কেমন লাগছে। তবে ভালো লাগার মতোই ঘটনা এটা।
২০১০ সালে ইংল্যান্ড সফরের মাঝখানে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। সেটার সঙ্গে এবারের ডাক পাওয়ার পার্থক্য কী?
শামসুর: পার্থক্য একটাই। সেবার প্রথমে দলে ছিলাম না। সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে সাকিবের অসুস্থতা আর তামিমের চোটের কারণে আমাকে দলে ডাকা হয়েছিল। আর এবার আমি শুরুতেই ১৪ জনের দলে আছি। দুটোর মধ্যে এবারই বেশি ভালো লাগছে আমার।
এবার কি আশা ছিল ডাক পাবেন?
শামসুর: সত্যি বলতে কি, সে রকম আশা আমি করিনি। টেস্ট দলে ডাক পাব এটা চিন্তা করিনি। তার পরও নির্বাচকেরা যে আমার ওপর আস্থা রেখেছেন, ভরসা করেছেন, সেটাকে আমি সম্মান জানাই। চেষ্টা করব আস্থার প্রতিদান দিতে।
বিকেএসপিতে বিসিএলের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন। তার পরও আশা করেননি টেস্ট দলে ডাক পেতে পারেন?
শামসুর: ফিফটি-ফিফটি আসলে। ডাক পেতেও পারি, আবার নাও পেতে পারি...এ রকম একটা অবস্থায় ছিলাম। নিশ্চিত ছিলাম না।
কিন্তু আপনি তো ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে খেলছেন, নিয়মিত পারফরমারও। এ রকম কি মনে হয় না যে টেস্ট দলে আরও আগেই ডাক পেতে পারতেন?
শামসুর: না, আমার মনে হয় এটাই সঠিক সময়। কারণ আমি এখন ভালো ফর্মে আছি। খেলাটাও হবে দেশে। হুট করে খেলতে নামা কঠিন। ওয়ানডে, টি-টোয়েন্টি খুব বেশি না খেললেও আমার এখন ধারণা হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, কীভাবে ভালো খেলতে হয়। সুযোগ পেলে চেষ্টা করব বিসিএলের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে।
ওপেনিং জুটিতে স্থিতিশীলতার একটু অভাব আছে এখন। তামিমের সঙ্গে জুটিতে সফল হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?
শামসুর: তামিমের সঙ্গে অনেক দিন ধরে খেলছি। ঘরোয়া ক্রিকেটে, জাতীয় দলেও। ওর সঙ্গে সবদিক দিয়েই আমার বোঝাপড়া ভালো। তামিমের মতো ব্যাটসম্যানের সঙ্গে ওপেনিং জুটি বাঁধা অনেক বড় ব্যাপার। তার কাছ থেকে শেখারও অনেক কিছু আছে। সে অনেক পরিণত। চেষ্টা করব ওর সঙ্গে লম্বা জুটি বাঁধতে।
ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটেও কিছুটা মারমুখী ব্যাটিং করেন আপনি। টেস্টে সুযোগ পেলে ব্যাটিংয়ের ধরনে কি কোনো পরিবর্তন আনবেন?
শামসুর: আমি আমার মতোই খেলব। যেভাবে আগে সফল হয়েছি, নিজের সেই স্বাভাবিক খেলাটা খেলতে চাই। খেলার ধরন বদলাতে গেলেই চাপে পড়ে যেতে পারি। এর চেয়ে যেভাবে স্বচ্ছন্দবোধ করি সেভাবে ব্যাটিং করাই ভালো।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই খেলার সুযোগ পেয়ে গেলে লক্ষ্য কী থাকবে?
শামসুর: ও রকম বড় কোনো লক্ষ্য নিয়ে খেলব না। ভালো খেলতে চাই—এটাই। আর ভালো কীভাবে খেলতে হয় সেটার জন্য প্রয়োজনে সিনিয়রদের সঙ্গে কথা বলব। রাজ ভাই আছেন, মুশফিক, তামিম, সাকিব আছে, ওদের পরামর্শ নেব। আমার একটাই লক্ষ্য—বিসিএলে যেভাবে খেলছি সেটা ধরে রাখা।