‘বিসিবি একাদশের’ দায় নিচ্ছে না কেউ
কলকাতা মোহামেডান ক্রিকেট দল ঢাকায় এসে বিসিবি একাদশের সঙ্গে ম্যাচ খেলে ফেলেছে, ঢাকা মোহামেডানের সঙ্গে খেলবে। অথচ বিসিবি তো দূরে থাক, ঢাকা মোহামেডানের কাকপক্ষীও কলকাতার দলটি সম্পর্কে কিছু জানে না! পুরো ব্যাপারটাই যেন একটা রহস্য!কাল সে রহস্যের কিছুটা উন্মোচিত হলো। জানা গেল, কলকাতা মোহামেডান বাংলাদেশে এসেছে আসলে ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের আমন্ত্রণে। সে আসুক। কিন্তু এই সংগঠন অনুমতি না নিয়ে ‘বিসিবি একাদশ’ নাম ব্যবহার করায় চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, ঘটনা সত্যি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। এদিকে সার্বিক পরিস্থিতিতে মহা বিব্রত কলকাতা মোহামেডান দলের সাধারণ সম্পাদক মইনউদ্দিন বিন মকসুদ, ‘আমরা তো লিখিত আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। আমাদের যে খেলার সূচি পাঠানো হয়েছিল, সেখানে বিসিবি একাদশের বিপক্ষে খেলার কথা লেখা ছিল। কিন্তু গত কালকের (পরশু) ম্যাচ খেলতে গিয়ে আমরা আবিষ্কার করেছি, দলটা মোটেও বিসিবি একাদশ নয়।’কলকাতার দলটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন (লিটন)। সাবেক ক্রিকেটার হেলাল উদ্দিন অবশ্য বললেন, কলকাতা মোহামেডানকে আতিথেয়তা জানাতে তাঁরা প্রস্তুত ছিলেন না। তাঁরা ভেবেছিলেন কলকাতার কোনো একাডেমি দল আসবে। পরে মোহামেডান আসবে জেনে তাঁরা বিসিবি থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিসিবি আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় অনুমতি দেয়নি।তাহলে অনুমতি না পেয়ে কেন বিসিবির নাম ব্যবহার করলেন? হেলাল উদ্দিন বললেন, ‘এটা একদমই ভুল বোঝাবুঝি। আমরা মোটেও বিসিবির নামে খেলিনি। ঢাকার ৩২টি একাডেমি দল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে দল করা হয়েছিল। আসলে ওদের সঙ্গে আমাদের পক্ষ থেকে যার যোগাযোগ করার কথা ছিল সে ভুল বুঝে বিসিবির কথা লিখে দিয়েছে।’