‘বিসিবি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই অনেকে জেনে গেছে খবরটা। ইএসপিএন ক্রিকইনফোকে রিচার্ড পাইবাস জানিয়ে দিয়েছেন—আর ফিরছেন না বাংলাদেশে। ক্রিকেট ওয়েবসাইটটির সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে বিসিবিকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। সাক্ষাৎকারটি তুলে দেওয়া হলো এখানে বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহের শুরুটা কীভাবে?রিচার্ড পাইবাস: একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এটি আমার নজরে আনে। আমাকে বলা হয়েছিল, বাংলাদেশ চায় আমি জীবনবৃত্তান্ত জমা দিই। আমি সেটা করি এবং তারপর দায়িত্ব নেওয়ার প্রস্তাব পাই। জবাবে আমি বলি, প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে আলোচনার আগে দায়িত্ব নেব না। এমন নয় যে কাজটা পেতে আমি মুখিয়ে ছিলাম। তার পরও ওদের প্রস্তাবের প্রতি শ্রদ্ধা রেখে আমার মনে হয়েছিল, বাংলাদেশে গিয়ে শোনা যাক ওরা কী বলে। বাংলাদেশের ক্রিকেটে আপনার এখনকার অবস্থানটা ব্যাখ্যা করবেন?পাইবাস: প্রধান কোচ হিসেবে আমি চালিয়ে যেতে পারব না। কোনো চুক্তি না থাকার পরও প্রায় পাঁচ মাস পূর্ণ আস্থায় দায়িত্ব পালন করেছি। কিন্তু সবারই ধৈর্যের একটা সীমা আছে। আমার অবস্থানকে পুরোপুরি অস্থিতিশীল করা হয়েছে। সেটা কেন?পাইবাস: বছরের শুরুর দিকে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর মাধ্যমে তিনবার আমাকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয় বোর্ড (বিসিবি)। প্রথম দুবার প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, ওরা চাইছিল বছরে ৩২০ দিন আমি দলের সঙ্গে বাংলাদেশে থাকি, কিন্তু এতটা সময় দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তৃতীয়বার প্রস্তাব দেওয়ার পর আমি আবারও সমস্যাগুলো বিস্তারিত জানাই। বলেছিলাম, কোনো সিরিজের প্রস্তুতির সময় আমি ক্যাম্পে থাকতে পারি, দলের সঙ্গে সফরে যেতে পারি, সব সিরিজেই থাকতে পারি। কিন্তু এক সিরিজ থেকে আরেক সিরিজের মাঝের সময়টুকু আমাকে দেশে পরিবারের পাশে থাকতে হবে। বলেছিলাম, এতে রাজি থাকলেই কেবল আমি দায়িত্বটা নিতে পারি। ওরা তখন রাজি হয়েছিল।  এই মতৈক্যের লিখিত ও মৌখিক দলিল আছে?পাইবাস: ঢাকায় আমাকে দেওয়া চুক্তিপত্রে এর উল্লেখ ছিল না। এ জন্যই আমি চুক্তিতে সই করতে রাজি হইনি। বারবার সমাধানের চেষ্টা করেছি। নিজের উদ্যোগে ছয়বারের বেশি বৈঠকে বসেছি চুক্তির শর্তগুলো স্বচ্ছতার সঙ্গে আলোচনা ও সমাধান করতে। কিন্তু লাভ হয়নি। এ জন্যই ঠিক করেছি, আর ফিরে যাব না। লিখিত কিছু না থাকার পরও শুরুতে কেন কাজ চালিয়ে গেলেন?পাইবাস: আমার মনে হয়েছিল, একটা সমাধান বের হবে। আমার বিবেক-বিবেচনা পরিষ্কার। দায়িত্ব নেওয়ার সময় আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, চুক্তিতে তা উল্লেখ না থাকলে তো আর স্বাক্ষর করতে পারি না। তবু কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার চুক্তির বিস্তারিত যখন সংবাদমাধ্যমে প্রকাশ করা হলো এবং সাধারণের আলোচনার ব্যাপার হয়ে দাঁড়াল, আমার মনে হলো, বিসিবি নিজেদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে। ওরা গোপনীয়তার মূল ভিত্তিগুলোই ভেঙে দিয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সমস্যা সমাধানের চেষ্টা করেছেন?পাইবাস: তিন মাস ধরে চুক্তিপত্রের সমস্যা সমাধানের চেষ্টা করে কাজ না হওয়ায় ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর আবার বিসিবির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলি। প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী ও ক্রিকেট পরিচালকের কাছে মেইল করি। চুক্তিতে অন্তর্ভুক্ত না হওয়া ইস্যুগুলোর সমাধান দিয়েছিলাম আমি। অবশ্যই চেয়েছিলাম এসব যাতে গোপন থাকে। কিন্তু কিছুদিন পরই বাংলাদেশের সাংবাদিকেরা আমার সঙ্গে যোগাযোগ করে জানাল, বিসিবির কর্মকর্তারা আমার চুক্তির কথা তাদের কাছে ফাঁস করে দিয়েছে। এর পর পরই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমি চুক্তিতে সই করিনি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য পরিকল্পনা জমা না দিয়েই চলে গিয়েছি। এটা সত্য নয়। তিন সপ্তাহ আগেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য পরিকল্পনা জমা দিয়েছিলাম, কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগ তা বাতিল করে দেয়। গোপনীয়তা ভঙ্গ করে ওরা এটা প্রকাশ করেছে, এরপর আবার সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে। বাংলাদেশে না ফেরার সিদ্ধাান্তের পেছনে আর কোনো কারণ?পাইবাস: জাতীয় দল পরিচালনায় দায়িত্ব ও কর্তৃত্ব চেয়েছিলাম, যাতে বোর্ড পরিচালকেরা হস্তক্ষেপ করতে না পারে। বোর্ড প্রেসিডেন্ট কামাল নিশ্চয়তাও দিয়েছিলেন এটার। বাস্তবে তা কখনোই হয়নি। বোর্ডের ধারাবাহিক হস্তক্ষেপে আমার অবস্থান দুর্বল হয়েছে। তাদের কেউ কেউ শুধু প্রতিবন্ধকতাই সৃষ্টি করেনি, মনে হয়েছে, ক্রিকেট সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। হস্তক্ষেপের কিছু উদাহরণ দেওয়া যাবে?পাইবাস: অবশ্যই, কোচ হয়েও কিছু কিছু সময় আমি ক্রিকেট পরিচালনা বিভাগের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এমনকি অনুশীলনের পর ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত স্যান্ডউইচের ব্যবস্থা করতেও রাজি করাতে পারিনি বোর্ডকে। ফ্রায়েড এগ স্যান্ডউইচ খেয়ে ক্রিকেটাররা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছিল, আমি চাইছিলাম এর চেয়ে ভালো কিছু। কিন্তু আমাকে বলা হলো, ‘সম্ভব নয়, বাজেটে ওটাই কুলোয়।’টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস আগে বলেছিলাম, আমাদের গেম অ্যানালাইসিস সিস্টেমে প্রতিপক্ষ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওটা স্কুল দলেরও ব্যবহারের যোগ্য নয়, জাতীয় দল তো বহু দূর। সপ্তাহের পর সপ্তাহ বোর্ড এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না, এমনকি এখনো পারেনি। হস্তক্ষেপের আরেকটা ব্যাপারও আমি উল্লেখ করেছি, জাতীয় দলের সফরে বোর্ড পরিচালকেরা ‘হেড অব ডেলিগেশন’ হিসেবে যায়, কিন্তু কাজ তো টিম ম্যানেজারের। হেড অব ডেলিগেশন টিম মিটিংয়ে থাকতে চাইত, টিম বাসে ও ড্রেসিংরুমে থাকতে চাইত।ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে ত্রিনিদাদে একটি প্রস্তুতি টুর্নামেন্টের সময় আমি ও অধিনায়ক দুজন সিনিয়র ক্রিকেটারকে দলের বাইরে রাখি ছোটখাটো চোট সমস্যার জন্য। আমরা চেয়েছিলাম পর্যাপ্ত বিশ্রাম দিয়ে বিশ্বকাপে ওদের ফিট দেখতে। ম্যাচের পর রাত একটায় অধিনায়ক, ফিজিও, ম্যানেজারের সঙ্গে ওই দুই ক্রিকেটারকে ডাকা হলো। দেশকে ডোবানোর জন্য ওদের তুলাধোনা করা হলো এবং বলা হলো ফিট না হলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। নিজেদের সুবিধার জন্য আমাকে ওই মিটিংয়ে রাখা হয়নি।বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য পরিকল্পনা জমা দিইনি। এটা মোটেও সত্য নয়। জমা দিয়েছি, কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, এটা যেন কোচের চেয়ে ওরা বেশি জানে! বাংলাদেশের ক্রিকেটে কী সম্ভাবনা দেখছেন? ক্রিকেটারদের ও তাঁদের এগিয়ে নেওয়ার সুযোগটা কি মিস করবেন?পাইবাস: প্রতিশ্রুতি আছে, কিন্তু ধারাবাহিক সাফল্যের জন্য কাঠামোপ্রবাহ ঠিক রাখতে হবে। রিচার্ড ম্যাকিন্স (জাতীয় একাডেমি পরিচালক) ও আমি মিলে খেলোয়াড় তৈরি করার পদ্ধতি ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছিলাম। তা বাতিল করা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগ ম্যাকিন্সকে জাতীয় দলের কর্মপ্রবাহের সঙ্গে যুক্ত করতে চায়নি। অধিনায়ক মুশফিকুর রহিমের মতো দারুণ একজন ক্রিকেটার আছে ওদের, আছে সাকিব-তামিমের মতো সত্যিকারের বিশ্বমানের সম্ভাবনাময় ক্রিকেটার। সত্যিকারের ক্রিকেটপ্রেমী কিছু কর্মকর্তাও আছে, কিন্তু রাজনীতি যেন তাদের নিমজ্জিত করে ফেলেছে। বিসিবির প্রশাসনিক অদক্ষতা কি মাঠের খেলায় প্রভাব ফেলতে পারে?পাইবাস: করপোরেট গভর্ন্যান্সে ওদের পরিবর্তন আনতেই হবে। অপারেশনাল স্টাফদের কাজ করতে দেওয়া জরুরি। এখন তারা বোর্ড পরিচালকদের অনুমতি ছাড়া কাজ করতে পারে না। ক্রিকেটীয় দিক থেকেও সামনে এগিয়ে যাওয়ার পথ এই একটিই।