‘বিস্কুট’ খাবে না স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউল আলবিওলের এককথা, মুখে তুলে দিতে চাইলেও তাঁরা ‘বিস্কুট’ খাবেন না। স্পেন ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন। আত্মগৌরব আছে। ইতালি বিশ্ব চ্যাম্পিয়নও। আছে সেই অহংকার। অন্যের সঙ্গে হাত মিলিয়ে নকআউট পর্বে যাওয়ার লজ্জাজনক পথে স্পেন অন্তত হাঁটতে পারে না। ভাবছেন, সবই তো বুঝলাম, কিন্তু এসবের সঙ্গে বিস্কুটের সম্পর্ক কী?কিছুদিন ধরে এই ‘বিস্কুট’ বা ইতালিয়ান ভাষায় ‘বিসকত্তো’ নিয়েই মেতে আছেন ইতালিয়ান সাংবাদিকেরা। তৃতীয় পক্ষকে ল্যাং মেরে ফেলে দিতে যখন দুই পক্ষ হাতে হাত মেলায়, সেটাকেই ইতালিয়ানরা বলে ‘বিস্কুট’। আজ ‘সি’ গ্রুপের শেষ ম্যাচ। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে স্পেন। এই ম্যাচটি ড্র হলে ইতালি জিতেও হয়তো সুবিধা করতে পারবে না। আট বছর আগে এমনই এক অভিজ্ঞতা হয়েছিল ইতালিয়ানদের। ২০০৪-এর ইউরোর ভয়ের সেই সিঁদুরে মেঘটাই তাড়া করছে ইতালিকে।যদিও স্পেন ডিফেন্ডার আলবিওল ইতালিয়ান সংবাদমাধ্যমের এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এটা পরিষ্কার, কোনো সমঝোতা হবে না। দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্য কোনো দলের ওপর নির্ভর করতে চাইবে না। তবে ২-২ ড্র হতেই পারে, যেমন হতে পারে ১-০, ০-১ কিংবা ১-১। ইতালি নির্ভার থাকতে পারে এই ভেবে, অন্যসব ম্যাচের মতোই এ ম্যাচেও স্পেন জয়ের জন্যই ঝাঁপাবে।’মাত্র ১ পয়েন্ট পেলেই স্পেনের শেষ আটে যাওয়া নিশ্চিত হয়। জয়ের জন্য ঝুঁকি নিয়ে খেলার চেয়ে ড্রয়ের নিরাপদ রাস্তায় হাঁটা সহজ। কিন্তু স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কও বলছেন, পুরো ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য, ‘আমরা ক্রীড়াবিদ, ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরাও। তাই আমরা জয়ের জন্যই মাঠে নামব। ড্র হলে আমাদের কাজটা সহজ হয় বটে, কিন্তু সেটার পরিকল্পনা করার কোনো সম্ভাবনাই নেই। আমি সে রকম কোনো হিসাবই কষিনি। আমি একটা ব্যাপারেই আগ্রহী—জয়।’প্রথম ম্যাচে গোল দেওয়া সেস ফ্যাব্রিগাসকে বসিয়ে ফর্মহীন ফার্নান্দো তোরেসকে খেলিয়েছেন দ্বিতীয় ম্যাচে। বাজিটা দারুণভাবে লেগে গিয়েছিল। জোড়া গোল করে ফর্মে ফিরেছেন তোরেস। স্পেন কোচ অবশ্য জোর দিয়ে বলছেন, ফ্যাব্রিগাস এখনো তাঁর দলের সেরা সম্পদ হিসেবেই বিবেচিত। মধুর সমস্যা। কাকে রেখে কাকে খেলাবেন! ‘এত এত সম্পদ পেয়ে আমরা সত্যিই উচ্ছ্বসিত’—৬২ বছর বয়সী কোচের কণ্ঠে উচ্ছ্বাস।আগের ম্যাচে দুর্দান্ত খেলে বড় জয়। সেই আত্মবিশ্বাস নিয়েই ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে স্পেন। যদিও কাজটা তাদের সহজ হবে না। স্লাভেন বিলিচের দলও টুর্নামেন্টে বেশ ভালো খেলছে। তা ছাড়া তাদের জন্যও সমীকরণ সহজ নয়। ইতালি আয়ারল্যান্ডকে হারালে গোলশূন্য কিংবা ১-১ ড্রও হয়তো শেষ পর্যন্ত কাজে আসবে না। ক্রোয়েশিয়া কোচ তাই বলছেন, ‘আশা করব, এই ম্যাচে ভাগ্য আমাদের পাশে থাকবে। আমাদের খেলোয়াড়দেরও তাদের জীবনের সেরা ম্যাচটি খেলতে হবে।’ এএফপি, রয়টার্স।