'বিস্ময়বালক' থেকে নেতা হয়ে উঠছেন নেইমার

সান্তোসের মাঠ মাতানো দুরন্ত বালকটি হঠাত্ই যেন হয়ে উঠল পুরো বিশ্বের মধ্যমণি। হবে না-ই বা কেন, পুরো পৃথিবীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দু যে ফুটবল, সেই গোল বস্তুটার ওপর যে অবিশ্বাস্য দখল সেই বালকের। আরও অনেক ব্রাজিলিয়ান বালকের মতো ‘নতুন পেলে’ তকমাটাও সেঁটে গেল। তবে বাকিদের মতো ‘নতুন পেলে’র ছায়ার আড়ালে নয়, নেইমার যেন নিজ আলোতেই উদ্ভাসিত হতে এসেছেন।
বয়স মাত্র ২২। খেলছেন নিজের প্রথম বিশ্বকাপ। সেটিও ঘরের মাঠে। প্রত্যাশার পাহাড়-বোঝা জোয়াল হয়ে চেপে বসার কথা তরুণ-অনভিজ্ঞ কাঁধে। কিন্তু নেইমার যেন সেই চাপের লক্ষ্মণরেখার গণ্ডি নির্ভয়ে পেরোনোর দুঃসাহস নিয়েই জন্মেছেন। প্রথম ম্যাচ থেকেই নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। মাঠে হয়তো অধিনায়কের বাহুবন্ধনী থাকে না। কিন্তু অদৃশ্য নেতৃত্ব-বন্ধনী তাঁর বাহুতে, কাঁধে, পায়ে। ফুটবল মস্তিষ্কে। ব্রাজিলের এই তরুণ দলের নেতা একজনই—নেইমার। ব্রাজিলের এই দলের স্বপ্নরথের সারথি একজনই—নেইমার।
বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য গড়ে দেবেন নেইমারই, সাবেক তারকাদের এমন মন্তব্যে পত্রিকার পাতা কবে থেকেই ভরে আছে। মাঠের খেলায়ও নেইমারই গড়ে দিচ্ছেন মূল পার্থক্য, তা বেশ ভালোভাবেই বোঝা গিয়েছিল প্রথম দু ম্যাচে। ক্রোয়েশিয়াকে তিন গোল দেওয়া ব্রাজিল মেক্সিকোতে আটকে গেল শুধু গোলরক্ষক চীনের মহাপ্রাচীর গড়ে তুললেন বলে। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আরও পরিষ্কারভাবে ফুটে উঠল এই ব্রাজিল দলের নেইমার-নির্ভরতা।
যতক্ষণ মাঠে ছিলেন নেইমার, ততক্ষণই ক্যামেরুন শিবিরের জন্য ত্রাস হয়ে উঠেছে ব্রাজিল। তিনি মাঠ ছাড়ার পর ব্রাজিলও যেন রং হারাল।
মাঠের খেলায় তাই নেইমারকেই যে অঘোষিত নেতৃত্ব দিতে হচ্ছে তা এক কথায় পরিষ্কার। শুধু পারফরম্যান্সেই নয়, খেলা শেষের পরও নেতা নেইমারকে আবিষ্কার করেছে ব্রাসিলিয়ার গ্যালারি উপচানো দর্শক। ফার্নান্দিনহো গোল করার পর নিজে থেকে এগিয়ে গিয়ে পিঠ চাপড়ে দিয়েছেন। পরাজিত, এক রকম নির্মম অপমানের শিকার ক্যামেরুনের খেলোয়াড়দের জন্যও হাততালি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে সম্মান করাটাও খেলার অংশ। যুদ্ধের ময়দানের সে-ই যোগ্য সেনাপতি, পরাজিত সেনাপতিকেও যিনি যোগ্য সম্মান দিতে জানেন। চোটের কারণে ম্যাচে না খেলা স্যামুয়েল ইতোর সঙ্গে এগিয়ে গিয়ে সৌজন্য বিনিময় করেছেন।
নেইমার নেতা হয়ে উঠেছেন। ব্রাজিলেরও এখন ‘ব্রাজিল’ হয়ে ওঠার অপেক্ষা।