‘বিস্ময়’ উইকেটে মিসবাহর লড়াই
কে জানত, এত বিস্ময় লুকিয়ে রেখেছে আবুধাবির উইকেট! টেস্ট শুরুর আগের দিন দুই অধিনায়কই বলেছিলেন, এই উইকেটে ২০ উইকেট নেওয়া কঠিন হবে। বিশ্বের নিষ্প্রাণতম উইকেটগুলোর একটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। আগের দুই টেস্ট ড্র হয়েছে বলেই নয়, নানা কারণ মিলিয়েই। ম্যাচের প্রথম দিন সকালের স্বাভাবিক আর্দ্রতাও থাকে না এই উইকেটে। সেখানেই কিনা প্রথম দিনে ৭ উইকেট তুলে নিল ইংল্যান্ড!দারুণ কাজে লেগে গেছে ইংল্যান্ডের দুই স্পিনার খেলানোর ফাটকাটাও। প্রচণ্ড শুষ্ক উইকেট দেখে আড়াই বছর পর মন্টি পানেসারকে একাদশে নামিয়ে দেন স্ট্রাউস। ম্যাচের প্রথম সকালেও পেসারদের জন্য ন্যূনতম সহায়তা ছিল না, প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই তাই আক্রমণে দুই স্পিনার। তৎক্ষণাৎ দেখা গেল আবুধাবির উইকেটের ভেলকি! আগের দুই টেস্টে পঞ্চম দিনেও যে মাঠে টার্নের দেখা মিলেছিল কদাচিৎ, সেখানেই কিনা ম্যাচের প্রথম সকালে দারুণভাবে ঘুরল বল! পাকিস্তানের প্রথম দুই উইকেট দুই ইংলিশ স্পিনারের শিকার, স্পিনাররাই দিনটাকে বানিয়েছেন ইংল্যান্ডের।১ নম্বরদের পথের কাঁটা হয়ে আছেন মিসবাহ-উল-হক। ‘ক্লাসিক’ মিসবাহ ইনিংসের আরেকটি প্রদর্শনী রেখেছেন কাল। ক্লান্তিহীনভাবে ব্লক করতে করতে হঠাৎই বিশাল ছয়, পাকিস্তান দলের চিরায়ত তকমাটার মতোই অননুমেয় মিসবাহর ব্যাটিং। কাল ব্যাটিংয়ে নেমেছিলেন দল ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর, খানিক পর সেটা হয়ে গেল ৪ উইকেটে ১০৩। মিসবাহ কী করলেন? আচমকাই টানা দুই বলে পানেসারকে দুটো ছয়। এরপর যথারীতি চুপচাপ। দিনের ৫০ ছুঁয়েছেন ১৪২ বলে। দিনের শেষের আগের ওভারে পাকিস্তান হারায় সপ্তম উইকেট। শেষ ওভারটা নিরাপদে পার করবেন কি, দিনের সেরা বোলার গ্রায়েম সোয়ানকে টানা দুটো ছয়! মিসবাহর ব্যাটিংকে আসলেই ব্যাখ্যা করা কঠিন।অধিনায়কত্বের ১৪তম টেস্টে কাল অষ্টম টস জিতেছেন মিসবাহ, কিন্তু ব্যাটিং নিলেন মাত্র দ্বিতীয়বারের মতো। সাম্প্রতিক ধারা মেনে শুরুটা ভালোই করেছিলেন তৌফিক উমর ও মোহাম্মদ হাফিজ। দুই স্পিনার আক্রমণে এসেই অবশ্য অস্বস্তিতে ফেলেন তাঁদের। প্রথম সকালে এত টার্নে নিশ্চিতভাবেই হকচকিয়ে গিয়েছিলেন তৌফিক ও হাফিজ। টার্নের কথা বেশি ভেবেই হয়তো দুজনই আউট হন সোজা বলে। শট না খেলে আউট তৌফিক, হাফিজ পরাস্ত আর্ম বলে।এরপর উইকেটে থিতু হয়ে যাওয়া আজহার ও ইউনুসকে অসাধারণ দুটি আউট সুইঙ্গারে বোল্ড করেন স্টুয়ার্ট ব্রড। পেসারদের বিমাতা উইকেটে সারা দিনই দুর্দান্ত বোলিং করেছেন ব্রড। চতুর্থ উইকেটে আসাদ শফিকের সঙ্গে ঠিক ১০০ রানের জুটিতে বিপর্যয় কাটান মিসবাহ। তবে দলকে শক্ত জমিন দিতে আজও বড় ভূমিকা রাখতে হবে তাঁকেই। সূত্র: ওয়েবসাইট।