‘বুঝতে পারছি না, সবাই এত হতাশ কেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত থেকে প্রধান কোচ হওয়ার পর শ্রীলঙ্কা সফরই ছিল শেন জার্গেনসেনের প্রথম অ্যাসাইনমেন্ট। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখিয়ে কোচের অভিষেকটাকে আলোকিত করে দিয়েছিল মুশফিকুর রহিমের দল। জিম্বাবুয়েতে আসার পর সেই জার্গেনসেনই দেখছেন অন্য ছবি। প্রথম টেস্টে ৩৩৫ রানের বিশাল হার ও হারের প্রতিক্রিয়া বিপরীত অনুভূতিটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এই অস্ট্রেলিয়ানকে।জিম্বাবুয়ের বিপক্ষে হারলে এতটা হতাশ হওয়ার কী আছে, সেটা অবশ্য বুঝতে কষ্ট হচ্ছে কোচের, মবেশির ভাগ মানুষ সম্ভবত আশা করেছিল, আমরা ম্যাচটা জিতব। কিন্তু নিজেদের মাঠে জিম্বাবুয়ের রেকর্ড খুবই ভালো। আমি তাই বুঝতে পারছি না, সবাই এত হতাশ কেন।’ নিজেদের পারফরম্যান্স যে ভালো হয়নি, সেটা অবশ্য মেনে নিচ্ছেন, ‘আমরা এখানে জিততেই এসেছি। তবে এটাও মনে রাখতে হবে, জিম্বাবুয়েও শক্তিশালী প্রতিপক্ষ।’প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্টের মাঝে বিরতি ছিল চার দিন। প্রথম টেস্টটা এক দিন আগে শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ সময় পেয়েছে পাঁচ দিন। জার্গেনসেনের বিশ্বাস, ভুল শোধরানো আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টা যথেষ্ট। তা ছাড়া পরশু খেলোয়াড়দের সঙ্গে আলাদা আলাদা কথা বলে তাঁর মনে হয়েছে, কার কোথায় ভুল ছিল সেটা সবাই ধরতে পেরেছেন। ‘আমরা ধৈর্য ধরে খেলিনি। উন্নতিটা এখানেই বেশি দরকার। বড় জুটি হয়নি, কেউ লম্বা সময় ধরে ব্যাট করেনি। খেলোয়াড়েরাও এসব জানে। টেস্টের আগের সময়টাতে আমরা টেকনিক নিয়ে আরও কিছু কাজ করব এবং সেগুলো শোধরানোর চেষ্টা করব। সঙ্গে ম্যাচেও মৌলিক কাজগুলো ঠিকঠাকভাবে করতে হবে, প্রথম টেস্টে যেটা আমরা একদমই পারিনি’—বলেছেন কোচ।প্রথম টেস্টের পর অধিনায়ক মুশফিকুর রহিম স্বীকার করেছেন, তিন পেসার না খেলানোটা ভুল সিদ্ধান্ত ছিল। জার্গেনসেন এ জায়গায় দ্বিমত প্রকাশ করলেন, ‘মনে হয় না এটা কোনো বড় ব্যাপার ছিল। কারণ, আমরা আমাদের শক্তিমত্তা বিবেচনা করেই দল নির্বাচন করেছি।’ কজন পেসার খেলানো হলো, সেটার চেয়ে বরং লম্বা সময় ধরে ভালো বল করতে না পারাটাকেই সমস্যা মনে হচ্ছে কোচের। পরিস্থিতি বুঝে বোলিংয়ে বৈচিত্র্য আনা, আক্রমণের ধরন বদলানো—এসব জায়গাতেও ঘাটতি দেখেছেন তিনি। আর এই ঘাটতি পূরণের উপায়ও দেখছেন একটাই, মটেস্ট ক্রিকেট আর দীর্ঘ পরিসরের ক্রিকেট আরও বেশি খেলা উচিত আমাদের। বিসিবি ঘরোয়া ক্রিকেটে সেটা করার চেষ্টাও করছে। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেটা আরও ভালো করে বুঝতে হবে। প্রতিপক্ষ হয়তো পরিকল্পনা বদলাল, সে অনুযায়ী নিজেদের পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে।’বাজে ব্যাটিংয়ের সঙ্গে ক্যাচ মিসও প্রথম টেস্টের বিশাল হারের একটা কারণ। জার্গেনসেনও সেটা মানেন, মএটা নিয়ে আরও অনেক কাজ করার আছে—আমি কেবল এটাই বলতে পারি। খেলোয়াড়দের প্রতিটা বলেই মনোযোগী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা না হলে, নিজেকে প্রস্তুত না রাখলে ক্যাচ পড়বেই।’জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর যে প্রথম টেস্টের দুই ইনিংসেই অতিমানব হয়ে উঠলেন, সেটারও একটা কারণ ক্যাচ ফেলা। তবে জার্গেনসেনের বিশ্বাস, টেলরকে আউটের সামর্থ্য আছে তাঁর বোলারদের, ‘চিন্তার কিছু নেই, আমরা তাকে আউট করব। প্রথম টেস্টে আউট করতে না পারলেও বেশ কয়েকটা জোরালো আবেদন উঠেছিল। ক্যাচও পড়েছে।’ দ্বিতীয় টেস্টের আগে টেলরকে নিয়ে যথেষ্ট গবেষণাও হচ্ছে বাংলাদেশ শিবিরে। তাঁর সর্বশেষ ২২টি আউটের ফুটেজ নিয়ে চলছে বিশ্লেষণ।হলিডে ইন হোটেলের এই খবর ক্রাউন প্লাজা হোটেলে থাকা জিম্বাবুয়ে দলের কাছে চলে গিয়েছে কি না কে জানে, টেলর কিন্তু দ্বিতীয় টেস্টের আগে বেশ সতর্ক। কাল অনুশীলন শেষে তো এমনও বললেন, ‘ভয় হচ্ছে, আমার না সব রানই করা হয়ে গেছে! তবে আমিও কিছু বিষয় নিয়ে কাজ করছি। গ্রান্ট ফ্লাওয়ারের সঙ্গে কথা বলেছি, নেটেও ভালো ব্যাটিং করেছি।’ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল ভালোভাবে ফিরে আসার চেষ্টা করবে বলেও মনে হচ্ছে জিম্বাবুয়ে অধিনায়কের, ‘তাদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছি এবার। দলে ভালো পেসার আছে। আর দলটা এখানে এসেছে ১০ দিন হয়ে গেছে। মানিয়ে নেওয়ার জন্য সময়টা যথেষ্ট।’