'বুঝতে পারছি না সমস্যা কোথায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফ সেঞ্চুরি পেলেন সাকিব, কাছে গিয়েও তা পাননি মুশফিক। ম্যাচ জেতাতে পারেননি। তবে দুজনের ১১২ রানের জুটিতেই কাল একটু দেখা গেল যে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একেবারে পথ হারানো পথিক নয়  শামসুল হক
হাফ সেঞ্চুরি পেলেন সাকিব, কাছে গিয়েও তা পাননি মুশফিক। ম্যাচ জেতাতে পারেননি। তবে দুজনের ১১২ রানের জুটিতেই কাল একটু দেখা গেল যে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একেবারে পথ হারানো পথিক নয় শামসুল হক

শেষ ম্যাচেও হার। ঘরের মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপটা কাটল হতাশাতেই। তবে এর মধ্যেও কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কিছু ইতিবাচকতা খুঁজতে চেষ্টা করেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম—
যেমন কাটল টি-টোয়েন্টি বিশ্বকাপ: খুবই হতাশাজনক। প্রথম পর্বে হংকং ম্যাচ ছাড়া অন্য দুটি ম্যাচে ভালো খেলেছিলাম। হংকংয়ের কাছে হেরে আমরা ছন্দ হারিয়ে ফেলি। আমাদের জন্য অনেক বড় একটি ধাক্কা ছিল ওটা। তার পরও কয়েকজন এই টুর্নামেন্টে ভালো খেলেছে। এনামুলের জন্য চমৎকার কেটেছে টুর্নামেন্টটা। ব্যাট-বলে সাকিব ভালো খেলেছে, আল-আমিনও কিছু ভালো স্পেল করেছে। কিন্তু এত বড় টুর্নামেন্টে শক্তিশালী দলের বিপক্ষে অন্তত চার-পাঁচজনের ভালো খেলতে হয়। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। এখন কয়েকটা দিন বিশ্রামের পর আমরা ভুলত্রুটি নিয়ে কাজ শুরু করব।
হংকংয়ের কাছে হারের ধাক্কা: হংকংয়ের পর আমরা নেপাল বা আফগানিস্তানের মতো কোনো দলের বিপক্ষে খেলিনি। খেলেছি ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে। এটা আমাদের জন্য অনেক বড় একটি ধাক্কা ছিল। চার-পাঁচজন ছন্দ হারিয়ে ফেললে দল হিসেবে পারফর্ম করা খুব কঠিন হয়ে যায়।
সমস্যার সন্ধানে: যদি সমস্যাটা আমরা চিহ্নিত করতে পারতাম তাহলে প্রথম ম্যাচ থেকেই আরও ভালো করতে পারতাম। নিজেরাও বুঝতে পারছি না, সমস্যা কোথায় হচ্ছে। আমরা অনুশীলন করছি ঠিকভাবে, ছোটখাটো যেসব কাজ থাকে সেগুলোও ঠিকঠাক করছি। খেলোয়াড়েরা সবাই সিরিয়াস, তার পরও যদি না হয়...! হয়তো আমরা ভেতরে থেকে বুঝতে পারছি না। বাইরে যাঁরা আছেন তাঁরা বুঝতে পারবেন। আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এখন আমরা চেষ্টা করব সবার কাছ থেকে মতামত নেওয়ার। হয়তোবা আরও অনেকেই আছেন যাঁরা ভালো বুঝবেন, তাঁদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করব। তবে আমরা সাত-আটজন যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারতাম তাহলে হয়তো ফলাফলটা ঠিক থাকত। সেটা হয়নি।
বোঝা নন তামিম: তামিমকে বোঝা মনে করার সময় এখনো হয়নি। সুপার টেনের খেলাগুলো পরপর ছিল, মাঝে বিরতি ছিল খুবই কম। ও হয়তো নিজেকে ফিরে পেতে একটু সময় নিচ্ছে। আমার মনে হয় না ও এখনো এমন পর্যায়ে গেছে যে ওকে বাদ দিতে হবে। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ রকম একজন ৫-৬টা ম্যাচ খেললেই যদি বাদ পড়ে, সেটা কাজের কথা নয়। অনেক খেলোয়াড় আছে ভালো, তবে আমি মনে করি তামিমের বিকল্প এখনো বাংলাদেশে নেই। আশা করব ও দ্রুত নিজেকে ফিরে পাবে। বাংলাদেশের জন্য খুব ভালো হবে তাহলে। এনামুল এখন খুব ভালো খেলছে। তামিম আগে যেমন খেলত, সেটা ফিরে পেলে টপ অর্ডারে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়।
সহ-অধিনায়ক নিয়ে আলোচনা: সহ-অধিনায়ক কে হবে সেটা সম্পূর্ণ বোর্ডের ব্যাপার। এসব সব সময়ই বোর্ড ঠিক করে থাকে। আমার মনে হয় না এ নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। বোর্ড কাউকে দায়িত্ব দিলে হয়তো সে দায়িত্ব পালন করবে। দলের সবার সঙ্গে সবার সম্পর্ক অনেক ভালো। হারলে অনেক কথাই আসে। তবে আমার মনে হয় না এ ধরনের আলোচনা হওয়াটা ঠিক।
সাকিবের সাক্ষাৎকার ও প্রত্যাশার চাপ: আমি বড় টুর্নামেন্ট চলাকালে পত্রিকা না পড়ার চেষ্টা করি। আপনারা জানেন, আমাকে ম্যাচের আগে সকালে আসতে হয়, ম্যাচের পরেও কথা বলতে হয়। আমার মনে হয় না আমার চেয়ে বেশি কেউ সংবাদ সম্মেলনে আসে। আর যদি সে (সাকিব) কিছু বলেও থাকে সেটা তার ব্যক্তিগত অভিমত। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কারণ, আমি নিজের চোখে দেখিনি বা পড়িনি সে কী বলেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭০-এর আশা: আমি বা সাকিব—একজন শেষ পর্যন্ত থাকলে ১৭০ রান অসম্ভব ছিল না। তখন ম্যাচটা অন্য রকমও হতে পারত। আরও তো ৩ ওভারের মতো ছিল হাতে। তবে ১৫৩ রান হওয়ার পরও আমাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বোলিংটা আরেকটু ভালো হলে হয়তো ওই রানই যথেষ্ট হতো।
৭৫২
তামিমকে সরিয়ে টি-টোয়েন্টিতে এককভাবে বাংলাদেশের সেরা রান সংগ্রাহক সাকিব
৪
সবচেয়ে বেশি ফিফটিও সাকিবের, এখানেও দুইয়ে তামিম (৩)
১১২
তৃতীয় উইকেটে সাকিব-মুশফিকের ১১২টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জুটি