'বুট ক্যাম্পের' পরামর্শ আকরামের
বিশ্বকাপের এখনো বাকি বছর খানেক। তবে পাকিস্তানকে সে জন্য এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিলেন ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের চেয়ে আলাদা বলেই এখন থেকে তৈরি হতে বলছেন তিনি। এএফপি।
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং জিম্বাবুয়ের বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবে পাকিস্তান। সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এখন থেকেই কঠোর অনুশীলন করতে বললেন সাবেক অধিনায়ক, ‘আগামী অক্টোবরের আগে যেহেতু পাকিস্তানের আর কোনো খেলা নেই, তাই উচিত হবে পাহাড়ি এলাকায় বুট ক্যাম্প করা। অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া যেমনটা করে থাকে।’ এ ছাড়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর বেশ আগেই অস্ট্রেলিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি বাঁহাতি পেসার।