‘বুড়ি’দের লড়াইয়ে তারুণ্যের আবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের বয়স ৩১ ছুঁই-ছুঁই। অন্যজন ২৯ ছুঁয়েছেন মাস তিনেক হলো। ফ্রান্সেসকা শিয়াভোনে আর লি নার বয়স যোগ করলে দাঁড়ায় ৬০ বছর ৭৯ দিন। ১৯৯৮ সালের উইম্বলডনের পর সবচেয়ে ‘বুড়ো বয়সী’দের গ্র্যান্ড স্লাম ফাইনাল হচ্ছে আজ প্যারিসে। গতবার তো ৩০ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম এই ফ্রেঞ্চ ওপেনেই জিতেছিলেন শিয়াভোনে। ত্রিশের দিকে এগোতে থাকা লির জন্যও এটা ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। আর দুজনের সামনেই সুযোগ, ‘কুড়িতেই বুড়ি’—মেয়েদের টেনিসের এই ধারণাটিকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার।লির সামনে আসলে আরও বড় ইতিহাসের হাতছানি। শুধু প্রথম চীনা নন, প্রথম এশীয় হিসেবেই গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জেতার সুযোগ পেয়ে গেছেন। আজ জিতলেই তাঁর নাম চলে যাবে ইতিহাসের পাতায়। সমস্যা হলো, এটা একই সঙ্গে লির জন্য প্রেরণা এবং চাপ। এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও উঠেছিলেন। ওই ম্যাচে কিম ক্লাইস্টার্সের বিপক্ষে প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত পারেননি। একটু উত্তেজনা ভর করলেই লি যে গড়বড় করে ফেলেন, সেটা দেখা গেছে মারিয়া শারাপোভার বিপক্ষে সেমিফাইনালেও। লির বেশ কিছু ‘আনফোর্সড এরর’-এর একমাত্র ব্যাখ্যা হতে পারে চাপ।লির সামনে আরেকটি প্রেরণাও আছে। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে এই শিয়াভোনেই তাঁকে তৃতীয় রাউন্ডে হারিয়ে দিয়েছিলেন ৬-৪, ৬-২ গেমে। অবশ্য সব মিলে মুখোমুখি লড়াইয়ে ২-২ সমতা।সবচেয়ে বড় ‘সমতা’ অবশ্য বয়সেই। বয়স যে কোনো বাধা নয়, সেটি প্রমাণের ভার দুজনের ওপরই। ইতালির শিয়াভোনে যেমন বলছেন, ‘বয়স আসলে আপনাকে অভিজ্ঞতার দিক দিয়ে সাহায্যও করতে পারে। কয়েক বছর আগে শুধু তরুণেরাই চ্যাম্পিয়নস হতো, মার্টিনা হিঙ্গিস, উইলিয়ামস বোনেরা যেমন। এখন এটা পাল্টাচ্ছে।’আজকের ম্যাচটি মেয়েদের এককের টানা ষষ্ঠ গ্র্যান্ড স্লাম ফাইনাল, যেখানে দুই খেলোয়াড়েরই বয়স ২৫-এর ওপরে। শিয়াভোনে এটিকে তরুণদের জন্য একটা ইতিবাচক বার্তা হিসেবেও দেখছেন। আগে ২৫-২৬-এই মেয়েদের মধ্যে অবসর নেওয়ার প্রবণতা কাজ করত। ‘এখন তরুণেরা বুঝতে পারবে ক্যারিয়ার এতটা ছোট নয়’—বলেছেন শিয়াভোনে।লিও বলছেন, ‘বয়সে কিছুই আসে-যায় না। বয়স শুধু থাকে কাগজে-কলমে। তা ছাড়া এশিয়ার খেলোয়াড়েরা সম্ভবত ইউরোপের খেলোয়াড়দের তুলনায় একটু দেরিতেই বেড়ে ওঠে। তাই আমার কাছে ২৯ বছরটাকে মনে হয় না অনেক বেশি। নিজেকে এখনো তরুণই মনে হয়।’লির জন্য শুধু তরুণেরাই নয়, পুরো এশিয়ার খেলোয়াড়দের টেনিসে উৎসাহী করে তোলার সুযোগ। এরই মধ্যে তাঁর ব্লগে হাজার হাজার বার্তা জমা পড়ছে। যে বার্তাগুলোর সারমর্ম একটাই, ‘তুমি আমাদের জন্য প্রেরণা।’লি পারবেন তো! এএফপি, রয়টার্স।