‘বুড়োদের দল’ নয় ইতালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো ঝড়-ঝাপ্টা গেছে মাথার ওপর দিয়ে। এরই মধ্যে গত বুধবার চ্যাম্পিয়নের মুকুটটি কোনোমতে সামলে বিশ্বকাপের মূল মঞ্চে এসে পৌঁছেছে ইতালি। প্রিটোরিয়ার খানিক দক্ষিণে ঘাঁটি গেড়ে থিতু হতেও সময় নেয়নি তারা। ঝটপট সংবাদ সম্মেলনের টেবিলে বসে পড়েছে এই ‘বুড়োদের দল’টি! ভাগ্যিস, আশপাশে কোচ মার্সেলো লিপ্পি নেই! ‘ভাগ্যিস’ বলা হচ্ছে কেন? শুনুন লিপ্পির মুখেই, ‘আমরা মোটেও “বুড়ো হাভাতেদের” দল নই! এবারের বিশ্বকাপে আরও তিন থেকে চারটি দল আছে, যাদের বয়স আমাদের চেয়ে ঢের বেশি।’দলের গড় বয়স যেখানে ২৮-এর ওপরে, সেখানে ২৩ জনের মধ্যে ৩০-এর ঘরের বুড়োই আছেন ৯ জন! আর খোদ অধিনায়ক ক্যানাভারোর বয়সই যখন ৩৬! তখন লিপ্পির মুখে এমন কথায় ‘সাফাই’ শব্দটাই ভালো যায়। তবে ৬২ বছরের লিপ্পি তাঁর দল বাছাইয়ের পক্ষে সাফাই গাইছেন যুক্তির সুরে, ‘আমাদের আছে চমত্কার সমন্বয়। এবারের দলে নয়জন আছে, যারা ২০০৬ বিশ্বকাপে খেলেছে। সেই পরিমাণটি তো ৫০ শতাংশেরও কম! আর আমি কখনোই দেখিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পরেরবার ২৩ জন নতুন খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছে কোনো দল।’ বয়স নিয়ে লোকে টিপ্পনী কাটলেও লিপ্পির মতে এই ‘বুড়ো’রাই অভিজ্ঞতার খনি, তরুণদের উদ্দামের সঙ্গে এটা মিলে গেলেই বাজিমাত।লিপ্পির সবচেয়ে বড় যুক্তি, বিশ্বকাপে একেকটা দলকে খেলতে হয় সর্বোচ্চ সাতটি ম্যাচে। এই সাত ম্যাচ খেলার জন্য তারুণ্যে টগবগে দলের চেয়ে স্নায়বিক চাপ সামলানোর মতো অভিজ্ঞরাই বিশ্বসেরার লড়াইয়ে বেশি কার্যকর বলেই মনে করেন তিনি। সরাসরি বলেননি, তবে এবারও শিরোপা জয়ের জন্যই যে এসেছেন, সেটি লিপ্পি ঠারেঠোরে জানিয়েও দিয়েছেন, ‘ইতালি ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে গেছে—এমনটা কখনো হয়েছে বলে মনে পড়ে না। ইতালি কখনোই ফেবারিট ছিল না। কিন্তু আমরা এমনই দল, যে শুধু ‘ভালো’ করতে বিশ্বকাপে আসি না।’তবে ইতালির সামগ্রিক পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন লিপ্পিও, ‘আমাদের রক্ষণটা আরও মজবুত হলে আক্রমণের জায়গাটাও বলবান হয়। আর শুধু ভালো রক্ষণভাগই তো যথেষ্ট নয়, ভালো কিছু করতে হলে সামনের দিকে এমন দুই-তিনজনকে থাকতে হবে, যারা নিজেদের সামর্থ্যের সদ্ব্যবহার করবে।’গত বিশ্বকাপের পরই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। দলের বিপর্যয় আর অন্যের জোরাজুরিতে একরকম বাধ্য হয়ে আবারও ফেরেন কোচ হিসেবে। তবে কাজটা এখন তিনি উপভোগই করছেন বলে জানালেন, ‘আমি মোটেও শঙ্কিত নই। এই কাজ আমি ৩০ বছর ধরে করে আসছি। এটা একটা চ্যালেঞ্জ এবং উপভোগ্য।’কথাগুলো বলার সময় মাঠের ওপর দিয়ে ভীষণ শব্দ তুলে একটা জেট বিমান উড়ে যাচ্ছিল। চারপাশে শ-খানেক সাংবাদিক। হঠাৎ বলা নেই কওয়া নেই, মাঠের কর্নার ফ্ল্যাগটি তুলে জেভলিনের মতো নিক্ষেপ করে বসলেন লিপ্পি। হাসির রোল পড়ে গেল চারপাশে। সত্যিই তিনি উপভোগ করছেন! এএফপি, রয়টার্স।