'বুড়ো' আপ্পুর রেকর্ড

দেশের হয়ে খেলা গর্বের ব্যাপার। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পরও দেশের হয়ে খেলা আরও গর্বের ব্যাপার। শুধু ইচ্ছাশক্তি থাকলেই তো হয় না, সামর্থ্যের পরীক্ষা দিতে হয় কত তরতাজা তরুণের সঙ্গে। কিন্তু বয়স ৪০ পেরিয়ে যাওয়ার পরও দেশের হয়ে ফুটবল খেলাটা অনেকের কাছে অকল্পনীয়। তবে কার্সলি আপ্পুর মতো কারও কারও কাছে এটা আনন্দময় বাস্তব।
চার দিন পরে ৪৪তম জন্মদিনের কেক কাটবেন, পাশে থাকবে ১৭ ও ১৩ বছর বয়সী দুই মেয়ে, ১১ বছরের ছেলে। হয়তো জন্মদিনের উৎসবের সঙ্গে যোগ হবে ফুটবলার বাবার অসাধারণ এক রেকর্ডের আনন্দও। সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোল করার এক দুর্লভ সুযোগ যে আজ আপ্পুর সামনে। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে আজ মৌরিতানিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচে গোল করতে পারলেই মরিশাসের এই স্ট্রাইকার ভেঙে দেবেন সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক গোল করার পুরোনো রেকর্ড। সবচেয়ে বেশি বয়সে গোল করার ওই রেকর্ডটি সিঙ্গাপুরের আলেকজান্ডার ডুরিচের, মালয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন ৪২ বছর ১০৫ দিন বয়সে।
রেকর্ডটা ভাঙতে পারবেন কি না সেটা দেখার বিষয়, তবে এরই মধ্যে জন্মদিনের অনুষ্ঠান আরও বর্ণিল করে তোলার উপলক্ষ পেয়ে গেছেন আপ্পু। মৌরিতানিয়ার বিপক্ষেই বাছাইপর্বের প্রথম লেগে খেলতে নেমে ভেঙে দিয়েছেন আফ্রিকান হিসেবে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড। গত সপ্তাহে মৌরিতানিয়ার নোয়াকচটে ওই ম্যাচের দিন আপ্পুর বয়স ছিল ৪৩ বছর ৩৫৪ দিন। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে খেলতে নেমে রেকর্ডটা গড়েছিলেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। সেদিন তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। ওয়েবসাইট।
