‘বুড়ো’ নন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ছেড়েই দিয়েছেন। টেস্ট কিংবা এক দিনের ক্রিকেটেও ব্যাটে ভাটার টান। সুযোগ বুঝে লোকজন বলতে শুরু করেছে, রিকি পন্টিংয়ের এই ফর্মহীনতা বুড়িয়ে যাওয়ার কারণে। আসলেই কি বুড়িয়ে গেছেন পন্টিং? লোকজনের এমন দাবি উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর এই ফর্মহীনতার সঙ্গে বয়সের সম্পর্ক নেই।শুধু তা-ই নয়, ‘ফর্ম নেই’ কথাটাও মানতে রাজি নন পন্টিং। বয়স ৩৫ বছর ২১১ দিন। বয়সের কারণে রিফ্লেক্সটা কম হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি তো বলব সবকিছুই সঠিকভাবে হচ্ছে, যেমনটা সব সময় হয়।’ ৩৯টি সেঞ্চুরিসহ ৫৪.৮৩ গড়ে টেস্টে তার রান ১১৯৫৪। কিন্তু আফসোস, লর্ডসের অনার্স বোর্ডে তাঁর নাম নেই।পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে রান না পাওয়ায় তাই পন্টিংও কিছুটা হতাশ, ‘আরও কিছু রান পেলে দারুণ হতো। কারণ বোর্ডে (অনার্স বোর্ডে) আমার নাম ওঠা নিয়ে অনেক কথা হচ্ছিল।’ ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে চারটি টেস্ট খেলেছেন পন্টিং, সর্বোচ্চ রান ৩৭। পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টটিকেই মনে করা হচ্ছে লর্ডসে পন্টিংয়ের শেষ টেস্ট। ২০১৩ সালে অ্যাশেজে পন্টিং যদিও খেলতে চান, তবে বাস্তবতা বলছে, সে সম্ভাবনা সামান্যই। শুধু লর্ডসে নয়, পন্টিংয়ের ব্যাটে রান-খরা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এ বছর পাঁচটি টেস্ট খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে হোবার্ট টেস্টটি ছাড়া আর কোনো টেস্টে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি করতে পারেননি। এক দিনের ক্রিকেটেও প্রায় একই চিত্র। সর্বশেষ সাত ম্যাচে সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি মোটে একটি। রান না পাওয়ার জন্য অস্ট্রেলীয় অধিনায়ক দায়ী করলেন ভাগ্যকেই, ‘সাম্প্রতিক সময়ে আমি দুবার হয়েছি রানআউট। দুবার ব্যাটের মাঝখানে লাগিয়েও ব্যাট-প্যাড আউট হয়েছি। লর্ডসে প্রথম ইনিংসে শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এমনভাবে আউট হলাম যে, সেটা মেনে নেওয়াই কষ্টকর।’ ওয়েবসাইট।