‘বুড়ো’দের প্রতিই আস্থা লিপ্পির
ফ্যাবিও ক্যানাভারো, বয়স ৩৬। জিয়ানলুইজি বুফোন, বয়স ৩২। জিয়ানলুকা জামব্রোত্তা, বয়স ৩৩। ফ্যাবিও গ্রোসো, বয়স ৩২। মাউরো কামোরানেসি, বয়স ৩৩, জেনারো গাত্তুসো, বয়স ৩২...নাহ্, মার্সেলো লিপ্পির ঘোড়াগুলো তো বুড়ো হয়ে গেছে!লিপ্পিকে প্রশ্নটা করলে বকসাদা চুলের ভদ্রলোকের ঠোঁটে বিদ্রূপের হাসি দেখতে পাবেন। গত বিশ্বকাপজয়ী দলটার বেশির ভাগ খেলোয়াড় ক্যারিয়ারের সায়াহ্নে বলে ইতালিকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে যারা, তাদের হিসাবে গরমিল আছে। অন্তত লিপ্পির দাবি এমনটাই। ইতালির কোচ তাই বলছেন, ২০১০ বিশ্বকাপে বুড়ো হাড়ের ভেলকি দেখার জন্য প্রস্তুত হোক সবাই।ইতালি কোচের কথায় যুক্তির ধারটাও তীক্ষ, ‘পুরো মৌসুম ধরে খেলতে হলে আমি অন্য রকম একটা দলই বেছে নিতাম। কিন্তু আমরা (বিশ্বকাপে) মাত্র এক মাসের জন্য খেলব। তাই কোনো সমস্যা হবে না। খেলোয়াড়ের মান শুধু বয়স আর টেকনিকের ওপর নির্ভর করে না। প্রাণপ্রাচুর্য লাগে, অভিজ্ঞতা থাকতে হয়, ক্যারিশমা, বিচক্ষণতা, আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা...এসবও লাগে। আমরা এক মাসে ছয় কি সাতটা ম্যাচ খেলব। তাই খেলোয়াড়দের বয়স ২৪ হতে হবে এমন কোনো কথা নেই।’ইউরো ২০০৮-এর সেমিফাইনালে যেতে ব্যর্থ, ২০০৯ কনফেডারেশনস কাপে গ্রুপ পর্বেই বাদ পড়া—ইতালি দলটাকে সমর্থকদের হাহাকার উঠে গিয়েছিল একসময়। বুড়োদের বাদ দিয়ে দলে নতুন খেলোয়াড়দের নেওয়ার জন্য শোরগোল পড়ে গিয়েছিল ইতালিতে। ইউরো-ব্যর্থতার পর আবারও দলের ভার নেওয়া গত বিশ্বকাপজয়ী কোচ এসবে কান দেননি। বাছাইপর্বে অপরাজিত থেকেই (৭ জয়, ৩ ড্র) বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইতালি। সর্বশেষ ম্যাচটায় অবশ্য নতুনদের বাজিয়ে দেখেছেন কোচ। ক্যামেরুনের বিপক্ষে ওই ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইতালি। লিপ্পি অবশ্য তাতেও বিচলিত নন, ‘ওই ম্যাচে সাত-সাতজন বড় খেলোয়াড় ছিল না। আমি দুই তরুণকে অভিষেকের সুযোগ করে দিয়েছিলাম। তখন সবাই বলল, “এরা ঠিক ফিট নয়।” কিন্তু আজকে কী হলো এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ কী? আসল কাজ তো করতে হবে আগামী জুনে।’আপাতত লিপ্পির মাথার ওপরে বড় সমস্যা হয়ে ঝুলে আছে মারিও বালোতেল্লিকে দলে নেওয়া না-নেওয়ার প্রশ্নটাই। ইন্টার মিলানের এই ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে ‘দুর্দান্ত’ বলছে সবাই একবাক্যে। কিন্তু দলীয় শৃঙ্খলার ব্যাপারে তাঁর উদাসীনতার দুর্নামও আছে। লিপ্পি তাই বলেই দিলেন, বালোতেল্লিকে বালকসুলভ আচরণ বদলাতে হবে। হতে হবে পরিণত।‘প্রতিটি দেশেই এ রকম বিতর্ক আছে। ব্রাজিলে যেমন রোনালদিনহো প্রসঙ্গ। ইতালিতে সেটা বালোতেল্লি। কিন্তু কোচদেরই সিদ্ধান্ত নিতে হয়। অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড়ই আছে। তার মানে এই না, সবাইকেই আমরা দলে নিয়ে নেব’—বলেছেন ৬১ বছর বয়সী প্রাজ্ঞ ফুটবল-দার্শনিক। এএফপি।