‘বেকহাম পিএসজির গিগস’
দীর্ঘদিন তাঁরা ছিলেন সতীর্থ। কিন্তু ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ডেভিড বেকহাম যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে এলএ গ্যালাক্সি হয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কদিন আগে যোগ দেন প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি)। অন্যদিকে রায়ান গিগস এখনো সেই ইউনাইটেডেই আছেন। এত দিন পর এই দুই সাবেক সতীর্থের মধ্যে একটা তুলনারেখা টেনে দিলেন পিএসজির কোচ কার্লো আনচেলত্তি। বেকহামের নতুন গুরু বলছেন, বেকহাম হবেন পিএসজির গিগস।না, তারকাখ্যাতির কথা বলছেন না পিএসজির ইতালিয়ান কোচ। অনন্য নৈপুণ্যে বেকহাম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। বিশ্ব ফুটবলে তিনি নিজেই একটা ‘ব্র্যান্ড’। তাহলে? আনচেলত্তির ইঙ্গিতটা বয়সের দিকে। ৩৯ বছর বয়সেও বুটজোড়া তুলে রাখার নাম নেই, দিন কয়েক আগে ইউনাইটেডের সঙ্গে নতুন করে আরও এক বছরের জন্য চুক্তি করেছেন গিগস। মানে ২০১৪ সালের গ্রীষ্ম পর্যন্ত ওয়েলস কিংবদন্তি মাঠেই থাকছেন। সেটা হলে ইউনাইটেডের হয়ে পেশাদার ফুটবলে তাঁর কাটবে ২৩ মৌসুম। আনচেলত্তির দাবি, পিএসজিতে বেকহামও হবেন তাই।বেকহামেরও বয়স হয়ে গেছে ৩৭। এই বয়সের এক ‘বুড়ো’কে কেনাকে অনেকেই দেখছে অন্যভাবে। তাদের কথা ফুটবল খেলার জন্য নয়, পিএসজি আসলে বেকহামকে নিয়ে এসেছে বিশ্বজুড়ে তাঁর ‘তারকাখ্যাতি’টা ব্যবহার করতে। নতুন শিষ্যের প্রশংসা করতে গিয়ে এই নিন্দকুদেরও একহাত নিয়েছেন আনচেলত্তি। কদিন আগে লিগ কাপে মার্শেইয়ের বিপক্ষে অভিষেকে বেকহাম বুঝিয়ে দিয়েছেন, এখনো তাঁর বুটজোড়ায় মরচে পড়েনি। আনচেলত্তি তো মুগ্ধ, ‘সে যেভাবে খেলল, সত্যিই বিস্ময়কর। অথচ কিছু লোক মনে করে, সে ফুটবলই খেলে না।’গিগসের উদাহরণ টেনে বলেছেন, ‘গিগস নতুন চুক্তি করেছে। আমি মনে করি, বেকহামও একই রকম করতে পারবে।’ কিন্তু পিএসজির সঙ্গে বেকহামের চুক্তিটা তো মাত্র পাঁচ মাসের? আনচেলত্তির উত্তর, ‘আমরা এখনোই চুক্তি নবায়ন নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য সামনে অনেক সময় পাওয়া যাবে।’নতুন গুরুর কথায় অনুপ্রাণিত হয়েই কিনা বেকহামও ক্যারিয়ারটা টেনে নিয়ে যেতে চান বন্ধু গিগসের মতোই, ‘সে এখনো শীর্ষ পর্যায়ে খেলছে। থামতেই চাইছে না। হয়তো শেষ পর্যন্ত আমিও দীর্ঘপথেই হাঁটব। আমি জানি, আমার চুক্তিটা মাত্র ছয় (আসলে পাঁচ) মাসের। কিন্তু আমি সত্যিই পিএসজিকে গ্রেট ক্লাবে পরিণত করতে অবদান রাখতে চাই। কিন্তু আমার যে বয়স, তাতে আমি দু-তিন বছরের চুক্তি করতে পারব না। আমি কেবল এক বছর করে ভাবতে চাই। যদি আমি ধারাবাহিকভাবে ভালো বোধ করি, খেলাটা চালিয়ে যাব।’ এএফপি।