
বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে যেন হারিয়েই গিয়েছিলেন। কাল সুযোগ পেয়ে কাজে লাগালেন সাখাওয়াত রনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পরও শেখ জামাল ধানমন্ডির এই স্ট্রাইকারের কণ্ঠে ঝরল হতাশা
l সুযোগ পেয়ে হ্যাটট্রিক করলেন। এটা কি জেদের বহিঃপ্রকাশ?
সাখাওয়াত রনি: কিছুটা বলতে পারেন। এই মৌসুমে সেভাবে খেলার সুযোগ পাইনি। সর্বশেষ খেলেছিলাম লিগের প্রথম পর্বে, এই উত্তর বারিধারার বিপক্ষেই। সেদিন পুরো ৯০ মিনিট খেলতে পারিনি। নিজের পজিশনেও নয়, খেলেছিলাম উইঙ্গার হিসেবে। আজ আমার আসল পজিশন স্ট্রাইকার হিসেবে খেলে হ্যাটট্রিক করেছি। ঢাকার মাঠে এটা আমার প্রথম হ্যাটট্রিক, তাই আনন্দটা বেশি।
l এই লিগে শেখ জামালের ২৭টি ম্যাচের মধ্যে আপনি খেললেন মাত্র চারটি ম্যাচ। গোল চারটি। এভাবে বসে থাকতে থাকতে তো শেষ হয়ে যাবেন...
রনি: জানি, এভাবে বসে থাকলে ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। তবে যা হওয়ার হয়েছে, সামনে নতুন মৌসুম। এবার বুঝেশুনে সিদ্ধান্ত নেব।
l জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের অনেক স্বপ্ন ছিল আপনাকে নিয়ে। কিন্তু আপনি চূড়ান্ত বিচারে হতাশই করলেন কোচকে। আপনারা এমন অনুজ্জ্বল হলে জাতীয় দল ভালো করবে কীভাবে?
রনি: সাফের সময় ইনজুরিতে পড়ে আসলে সব শেষ হয়ে গেল। নেপালে গিয়ে মাঠে নামতে পারিনি। দেশে ফেরার পর ক্লাবের জন্য নিজেকে প্রস্তুত করলাম। কিন্তু তার পরও জাতীয় দল থেকে বাদ পড়ি। চ্যালেঞ্জ নিলাম যেভাবেই হোক দলে ফিরব। আশা করি সব ঠিক হয়ে যাবে। জাতীয় দলের কোচের প্রত্যাশা মেটাতে পারব।
l মৌসুম শেষে কী মনে হচ্ছে, শেখ জামালে যাওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল?
রনি: শেখ জামালে যোগ দেওয়ার সময় বুঝতে পারিনি পরিস্থিতি এমন হবে। কোচ ৪-৩-৩ ফর্মেশনে খেলাবেন, সেটাও ধারণার বাইরে ছিল। কোচ বিদেশি স্ট্রাইকার খেলালেন তিনজন। সেখানে আমার জায়গা কই! বেঞ্চেই বসে থাকতে হবে, আগে বুঝিনি। বোঝা উচিত ছিল।
l স্থানীয় স্ট্রাইকাররা অনেক সময় জেনেশুনেই বড় দলে গিয়ে বেঞ্চ গরম করেন। এভাবেই চলতে থাকবে?
রনি: খেলোয়াড়দের দোষ কোথায় বলুন? ক্লাব সুযোগ না দিলে করার কিছু নেই। ক্লাব বিদেশি খেলোয়াড়ের ওপর বেশি নির্ভরশীল। স্থানীয়রা হিসাবের বাইরে। তবে সুযোগ পেলে আমি অন্তত ১৪-১৫টা গোল করতাম। আসলে আমরা বেঞ্চে বসে থাকি বলেই জাতীয় দলে গোল পাই না। কর্মকর্তাদের কাছে তাই অনুরোধ, পরেরবার থেকে যেন স্থানীয়দের বেশি বেশি সুযোগ দেওয়া হয়।
l কিন্তু আমাদের ফুটবলাররা তো জোট বেঁধে ক্লাবে যান। সুযোগ পাবেন না জেনেও যান। খেলার চেয়ে টাকাটাই বড় মনে হয় অনেক খেলোয়াড়ের কাছে। আপনি কী বলেন?
রনি: আমি বলব, খেলোয়াড়েরা খেলতে চায়। কিন্তু খেলোয়াড়েরা চাইলেই হবে না, কোচকেও সেটা বিবেচনা করতে হবে। তবে একটা ব্যাপারে একমত, বেশি টাকা পেয়ে বসে থাকার চেয়ে কম টাকায় খেলার সুযোগ নেওয়া উচিত খেলোয়াড়দের।