‘বেবি ফেদেরারের’ জোকোভিচ-বধ
‘বেবি ফেদেরার’ বা ‘আগামীর ফেদেরার’ বলা হয় তাঁকে। কেন বলা হয় এর প্রমাণ আরেকবার দিলেন গ্রিগর দিমিত্রভ। পরশু মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ২১ বছর বয়সী বুলগেরিয়ান হারিয়ে দিয়েছেন নোভাক জোকোভিচকে। তিন ঘণ্টার নখকামড়ানো লড়াইয়ের পর জিতেছেন ৭-৬ (৮-৬), ৬-৭ (৮-১০), ৬-৩ গেমে।ম্যাচ শেষে উচ্ছ্বসিত দিমিত্রভ এটিকেই বললেন ক্যারিয়ার-সেরা জয়, ‘অবশ্যই এমন জয় পাওয়াটা সব সময়ই দারুণ। সে বিশ্বের এক নম্বর খেলোয়াড়। অবশ্যই এটা অসাধারণ অনুভূতি।’ কিংবদন্তি পিট সাম্প্রাসকে আদর্শ মেনে বেড়ে ওঠা দিমিত্রভ প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ২০০৮ সালে, জিতেছিলেন জুনিয়র উইম্বলডন। এরপর ১৬ বছর বয়সে জেতেন জুনিয়র ইউএস ওপেনও। যা দেখে রজার ফেদেরারের সাবেক কোচ পিটার লুন্ডগ্রেন এতটাই মুগ্ধ হন যে তাঁকে তুলনা করে বসেন ফেদেরারের সঙ্গে। ‘বেবি ফেদেরারের’ খেতাবটা এখন যুক্তই হয়ে গেছে তাঁর নামের সঙ্গে। মাদ্রিদে খেলতে আসার আগে অ্যাঙ্কেলের চোট ছিল জোকোভিচের। সেজন্য প্রস্তুতিটা ভালো হয়নি তাঁর। দিমিত্রভের কাছে হারের কারণ হিসেবে অনুশীলন-ঘাটতিকেই দায়ী করেছেন জোকোভিচ। পরশু দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। মহিলা এককে সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভাও উঠেছেন তৃতীয় রাউন্ডে। রয়টার্স।