‘বেল’ শুনতে পাচ্ছিল ইন্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মিনিটে ম্যাচের স্কোর ৩: ০! ৩৫ মিনিটের মধ্যে এক গণ্ডা গোল হজম করা সারা। ৮ মিনিটের পর থেকে ১০ জনের দল হয়ে পড়া টটেনহাম ৪-০-তে পিছিয়ে পড়ে মাথা হেঁট করে মাঠ ছাড়ল প্রথমার্ধে, ভাষ্যকারদের কণ্ঠে শুধুই সহানুভূতি। হ্যারি রেডন্যাপ আর তাঁর দল এবার কোন লজ্জা নিয়ে ইতালি থেকে ফেরে, তা নিয়েই শুরু হয়ে গেল গবেষণা।ম্যাচ শেষে সেই রেডন্যাপের মুখে একটুর জন্য এক পয়েন্ট না পাওয়ার আক্ষেপ আর ইন্টার মিলান কোচ রাফা বেনিতেজের পাংশুটে চেহারায় রাগ-হতাশা-স্বস্তি। শেষ পর্যন্ত ইন্টার যে নিজেদের মাঠে জিতেছে ৪-৩ গোলে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আনার উপক্রম করে দিয়েছিলেন টটেনহামের ‘বিস্ময়বালক’ গ্যারেথ বেল। ৫২, ৯০ ও ৯১ মিনিটে তাঁর তিন গোল কাঁপিয়ে দিয়েছিল সান সিরোকে। শেষ প্রান্তে ২ মিনিটে জোড়া গোল করা এই ২১ বছর বয়সী উইঙ্গার আরও মিনিট কয়েক সময় পেলে যে কী করতেন!পরশু লিওনেল মেসিকেও ছাপিয়ে আলোচনায় ওয়েলসের এই উইঙ্গার। দ্বিতীয় রাউন্ডের আশা ভালোমতোই বেঁচে থাকল স্পার্সদের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তারা দুইয়ে। মাথার ওপর ৪ গোলের বোঝা, ১০ জনের দল হয়ে পড়ার চাপ সামলে এভাবে দুর্দান্ত প্রত্যাবর্তন সামনের ম্যাচগুলোয় তাদের জন্য হবে নতুন প্রেরণা। বেল থাকবেন সেই প্রেরণার কেন্দ্রে।স্বাভাবিকভাবেই এই তরুণের ওপর চোখ পড়বে ইউরোপের দৈত্য ক্লাবগুলোর। স্পার্স কোচ রেডন্যাপ অবশ্য জানিয়ে দিয়েছেন, বেল ‘বিক্রয়ের জন্য নহে’, ‘টটেনহাম সব সময় সামনে এগিয়ে যাওয়ার জন্য খেলে, খেলোয়াড় বেচা এর কাজ নয়। বেল এমন মাপের খেলোয়াড়, ওকে কেন্দ্র করেই গড়ে উঠবে দল।’সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার-গোলরক্ষক জুটি মাইকন-সিজারকে কাঁপিয়ে দেওয়া বেল যে এমন কিছু করে বসতে পারে, এমনটা রেডন্যাপ নাকি আগেই আন্দাজ করেছিলেন। তবে বেনিতেজের কাছে যে এটা অপ্রত্যাশিত ছিল—সেটি না বললেও চলে! এএফপি।