'বেশি খেলেও ওজন বাড়ে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম
শফিউল ইসলাম

বাঁ পায়ের গোড়ালি ছোটবেলা থেকেই ভোগাচ্ছে। পেস বোলার হওয়ায় সেটি এখন আরও বেশি যন্ত্রণার। দক্ষিণ আফ্রিকায় ডাক্তার দেখিয়েও স্থায়ী কোনো সমাধান নিয়ে ফিরতে পারেননি দেশে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাই মাঝেমধ্যে বিশ্রাম নিয়ে বল করাকেই একমাত্র উপায় মনে করছেন পেসার শফিউল ইসলাম
 পায়ের চোটের এখন কী অবস্থা?
শফিউল ইসলাম: আগের মতোই আছে। রেস্ট নিয়ে নিয়ে খেলতে হবে। লংগার ভার্সনের ম্যাচে একটু সমস্যা হয়। ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে সমস্যা নেই।
 এক দিনে ১০ ওভারের বেশি বল করলেই নাকি আপনার সমস্যা হয়। এভাবে তো চার দিনের ম্যাচ বা টেস্ট খেলাটা কঠিন...
শফিউল: সেরকম কোনো বিধিনিষেধ নেই। গত জাতীয় লিগেও আমি কোনো সমস্যা ছাড়া টানা ১৫ ওভার বল করেছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু রেস্ট নিতে হয়, এই আরকি।
 কী চিকিৎসা চলছে এখন? কিছুদিন আগে তো দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে...
শফিউল: আমার সমস্যাটা বাঁ পায়ের গোড়ালিতে। ওখানকার চামড়াটা শক্ত হয়ে বেড়ে যায়। ব্যথা হয়। বাড়তি অংশটা চেঁছে ফেলতে হয়। দক্ষিণ আফ্রিকা থেকে চাঁছার জন্য একটা মেশিন নিয়ে এসেছি। যদিও ওটার চেয়ে রেজর দিয়ে চাঁছলেই ভালো। সপ্তাহে এক-দুবার চাঁছলেই হয়।
 এটার কি স্থায়ী কোনো চিকিৎসা নেই?
শফিউল: জাতীয় দলে আসার পর পর অপারেশন করিয়েছিলাম। লাভ হয়নি। আসলে অন্য কোনো চিকিৎসায় এটা ভালো হবে না। দক্ষিণ আফ্রিকার ডাক্তারও অপারেশন বা অন্য কিছু করতে বলেননি। এই সমস্যা কমবেশি সব পেসারেরই আছে। তবে আমি ভুগছি ছোটবেলা থেকে। ছোটবেলায় একবার ব্লেড দিয়ে কেটে ফেলেছিলাম জায়গাটা। তাতে সমস্যা আরও বেড়েছে।
 মাঝে পেটের পেশিতেও তো সমস্যা হয়েছিল একবার। শ্রীলঙ্কা সফরে যেতে পারলেন না এ কারণে। ওটার এখন কী অবস্থা?
শফিউল: ওটা ভালো হয়ে গিয়েছিল। তবে সেদিন অনুশীলনে পেটের ওই জায়গাতেই আবার টান পড়েছে। তেমন সিরিয়াস কিছু না। তবে সতর্ক থাকতেই কালকের (আজ) প্র্যাকটিস ম্যাচে খেলব না ঠিক করেছি।
 কন্ডিশনিং ক্যাম্প কেমন হলো?

শফিউল: খুব ভালো। অনেক কঠিন হয়েছে এবার ক্যাম্পটা। তবে এতে সবার ফিটনেসেরই উন্নতি হয়েছে।
 আপনার তো ওজন কম। এ জন্য আলাদা কিছু করতে হয়েছে ক্যাম্পে?
শফিউল: না সেরকম কিছু ছিল না। আর ওজন আমার এক রকমই থাকে। বেশি খেলেও ওজন বাড়ে না, না খেলেও কমে না। ৫৯-৬০ কেজিই থাকে। এই যে, রোজা রেখেও আমার ওজন এখনো ৬০ কেজি।
 শুনলাম বিয়ে করতে যাচ্ছেন। দিন-তারিখ ঠিক হয়েছে?
শফিউল: ঠিকই শুনেছেন। ঈদের দ্বিতীয় দিন গায়ে হলুদ, পরদিন বিয়ে। তবে আপাতত অনুষ্ঠান করছি না। বিয়েটা পারিবারিক পরিবেশেই হবে।
 পাত্রী কী করেন?
শফিউল: এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ে। বগুড়াতেই থাকে।
 আগে থেকেই জানাশোনা ছিল আপনাদের?
শফিউল: ও সম্পর্কে আমার মামাতো বোন। জানাশোনা তো ছিলই। তবে সম্পর্কটা সাত বছরের। ও যখন ক্লাস সিক্স কি সেভেনে পড়ে, তখন থেকে।
 পরিবারের মধ্যে প্রেম—সমস্যায় পড়তে হয়নি?
শফিউল: তা তো হয়েছেই। প্রথম প্রথম অনেক সমস্যাই হয়েছে। পরে সব ঠিক হয়ে গেছে। এখন তো বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে।