‘বেসামরিক খেলোয়াড়ের কদর কম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যরা যখন ভলিবল খেলেন টাকা বা চাকরির জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র সাঈদ আল জাবির সে ক্ষেত্রে ব্যতিক্রম। ভলিবল খেলছেন সাত বছর ধরে। প্রিমিয়ার ডিভিশনের ক্লাব বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের এই খেলোয়াড় কাল পল্টন ভলিবল স্টেডিয়ামে জানালেন ভলিবল নিয়েই থাকতে চান তিনি... ক্রিকেট বাদ দিয়ে ভলিবলে কেন এলেন?সাঈদ আল জাবির: ক্রিকেট ভালোই লাগত। আমি ছিলাম ফাস্ট বোলার, কিন্তু কোমরে ব্যথা পাওয়ায় আর খেলতে পারছিলাম না। পরে ভলিবলেই নিয়মিত হয়ে গেলাম। তার মানে ভলিবলই আগে শুরু করেছিলেন?সাঈদ: ছোটবেলা থেকেই ভলিবল খেলি। আমার মামা-চাচা সবাই ভলিবল খেলত। ওনাদের খেলতে দেখে আমিও প্রায় বায়না ধরতাম খেলব বলে। পরে চাচার সঙ্গে একদিন কোর্টে নেমে পড়লাম। সবচেয়ে বেশি উত্সাহ দেন কে?সাঈদ: আমার বাবা (আবদুল গাফফার) সব সময়ই আমাকে উত্সাহ দেন। ওনার জন্যই আমার এত দূর আসা। ভলিবলে জনপ্রিয়তা বেড়েছে, না কমেছে?সাঈদ: ভলিবল গ্রামগঞ্জের খেলা। এক টুকরো জমি পেলেই আমরা নেট টানিয়ে খেলায় নেমে পড়তাম। সারা বছরই খেলি। ২০০৩ সালে যখন প্রথম ঢাকায় আন্তজেলা ভলিবল খেলতে আসি তখনো এর জনপ্রিয়তা ভালোই ছিল। আগের চেয়ে তা একটু কমেছে। তবে গ্রামে গেলে এখনো ভালো সাড়া পাই। ভলিবলে প্রতিরক্ষা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খেলোয়াড় বেশি কেন?সাঈদ: প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে খেলোয়াড় নিলে ফেডারেশনেরই সুবিধা। বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনীর খেলোয়াড়দের তো চাকরির কারণেই খেলতে হচ্ছে। সুযোগ-সুবিধা কম দিলে ওরা প্রতিবাদ করে কম। হয়তো চাকরির ভয়েই। কিন্তু একজন বেসামরিক খেলোয়াড়ের তো সে রকম কোনো দায়বদ্ধতা নেই কারও কাছে। কোনো অনিয়ম হলে সহজেই ওরা প্রতিবাদ করে। এ জন্যই হয়তো ফেডারেশনে বেসামরিক খেলোয়াড়ের কদর কম। পড়াশোনা শেষে কি ভলিবল ছেড়ে দেবেন?সাঈদ: আমাদের মতো অনেকেই পড়াশোনার পাশাপাশি খেলাও চালিয়ে যাচ্ছে। ওরা কী করবে জানি না। তবে আমি ভলিবলকে ভালোবাসি। খেলা নিয়ে গবেষণাও করছি। আমি ভলিবল নিয়েই থাকতে চাই। কীভাবে?সাঈদ: আমি ব্রাজিলের খেলা পছন্দ করি। ওদের গতি, স্কিল, টেকনিক, স্ম্যাশ—সবকিছুই ভালো। টিভিতে ওদের খেলা হলেই দেখি। আবার খেলার সিডি সংগ্রহ করে কম্পিউটারে বসে বসে দেখি। ভবিষ্যতে স্নাতকটা শেষ করে কোচিংয়ে ঢুকতে পারি। তাহলে খেলাটা উপভোগ করছেন...সাঈদ: হ্যাঁ। ভলিবলের কারণে এরই মধ্যে সারা দেশ ঘোরা হয়ে গেছে। কিছুদিন আগে কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবলে ভারত, নেপালের বিপক্ষে খেললাম দেশের হয়ে। ব্যাপারটা আমার কাছে দারুণ গর্বের। দেশের বাইরে খেলতে গিয়েছেন?সাঈদ: জাতীয় দলের সঙ্গে যাইনি। তবে নিজের উদ্যোগে ভারতে খেলতে গিয়েছি। যোগাযোগটা কীভাবে হলো?সাঈদ: আমার মামার বাড়ি কলকাতার বাদুড়িয়ায়। ওখান থেকে একবার আমন্ত্রণ পেয়েছিলাম খেলার জন্য। মামার অনুরোধ উপেক্ষা করতে পারিনি। খেলে এসেছিলাম। কলকাতার সতীর্থ সানি, অজয়, কল্যাণ তো আমার খেলা দেখে দারুণ প্রশংসা করল। গ্রামগঞ্জে তো জনপ্রিয় ভলিবল। কিন্তু সেভাবে খেলোয়াড় উঠে আসছে না কেন?সাঈদ: আমাদের দেশের খেলোয়াড়দের গড় উচ্চতা কম। মান নেই। সারা বছর সেভাবে খেলা হয় না। তা ছাড়া এখানে টাকা-পয়সাও কম পাওয়া যায়। তাই ভলিবলের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। আবাহনী-মোহামেডানের মতো বড় দলগুলো ভলিবলে এলে এর উন্নতি হবে।