‘বেয়াড়া’ বেয়ারস্টো
প্রায় হাতের মুঠো গলে বেরিয়ে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে জিতিয়ে দিলেন এক তরুণ। সেটাও আবার নিজের অভিষেকে। জনি বেয়ারস্টো যখন ক্রিজে রবি বোপারার সঙ্গে যোগ দিলেন, ইংল্যান্ডের প্রয়োজন ৫০ বলে ৭৫। শেষ পর্যন্ত এই জুটি জয়োল্লাস করল ১০ বল হাতে রেখে! ২১ বছর বয়সী ব্যাটসম্যান অভিষেক ওয়ানডেতে খেললেন ২১ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস। তাঁর তিনটি ছক্কার দুটিই হারিয়ে গেছে স্টেডিয়ামের বাইরে। যার একটি গিয়ে পড়েছে সোফিয়া গার্ডেনের পাশে দিয়ে বয়ে যাওয়া টাফ নদীতে।এক ইনিংসেই ইংল্যান্ডে হইচই ফেলে দিয়েছেন বেয়ারস্টো। তাঁর মধ্যে ‘বিশেষ একজনকে’ পেয়ে যাওয়ার স্বস্তি ইংল্যান্ড শিবিরে। ৫০ ওভারের ম্যাচে বিশ্বসেরা হতে এমনই এক ব্যাটসম্যানেরই যে সন্ধান করে এসেছে এত দিন ইংল্যান্ড। উদীয়মান প্রতিভা হিসেবে আগে থেকেই আলোচনায় ছিলেন ইয়র্কশায়ারের এই ডানহাতি। তাই বলে এমন বর্ণাঢ্য অভিষেক হবে কে কবে ভাবতে পেরেছে? এ ম্যাচে তাঁর খেলার কথাই ছিল না। আগের দিন চোটের কারণে বেন স্টোকস সরে দাঁড়ানোয় সুযোগ পান। আর সেই সুযোগে তিনি রূপকথার নায়ক!কুক, ট্রট, বেল, পিটারসেন, মরগানের মতো ব্যাটসম্যান থাকতেও কিসের যেন একটা অভাব ইংল্যান্ডের ব্যাটিংকে খুব ভোগাচ্ছিল। বেয়ারস্টোর মধ্যেই সেই অভাব পূরণের প্রতিশ্রুতি পেয়ে গেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক, ‘আমার মনে হয়, আমরা একজন খেলোয়াড় পেয়ে গেছি। এভাবে অভিষেক, এ রকম নিয়ন্ত্রিত কিন্তু ইতিবাচক মানসিকতার ব্যাটিং, অবিশ্বাস্য! ড্রেসিংরুমে সবাই বলাবলি করছিল আমরা সেই একজনকে পেয়ে গেছি। সব কৃতিত্বই জনির। তাঁর মধ্যে অপার সম্ভাবনা দেখছি।’আর যাঁকে নিয়ে এত মাতামাতি সেই বেয়ারস্টো বলেছেন, ‘আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছিলাম। একটু স্নায়ুচাপ অবশ্যই ছিল। এটা স্বাভাবিকও। এটাকে শুধু আমি ইতিবাচক দিকে ঘুরিয়ে দিয়েছি।’স্বাভাবিক খেলাটা যদি এমনই হয়, তাহলে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছে অনেক অনেক সুখবর! ওয়েবসাইট।