‘বোকা আমায় কোচ না বানালে তা হবে বিশ্বাসঘাতকতা’
বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের পদটা ছেড়ে দেওয়ার পর এখন যখনই যেখানে কোচের আসন ফাঁকা হচ্ছে, সেখানেই হুমড়ি খেয়ে পড়ছেন ম্যারাডোনা। পর্তুগাল বা ইরানের কোচ হতে চাওয়ার খুব বেশি দিন পার হয়নি। মাত্র কয়েক দিন আগেও তাঁকে কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। পরে অবশ্য সেই সম্ভবনা বাতিল করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সেই রেশ এখনো কাটতে না কাটতেই আবার নতুন করে সংবাদ শিরোনামে পরিণত হয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এবার তাঁর দৃষ্টি পড়েছে নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সের দিকে।বোকা জুনিয়র্সের কোচ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেই এবার থেমে যাননি ম্যারাডোনা। বোকার কোচ হওয়ার আরেক দাবিদার হুলিও সিজার ফালকোনির সঙ্গে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। বলে দিয়েছেন, ফালকোনির বোকার মতো ক্লাবের কোচ হওয়ার নাকি কোনো যোগ্যতাই নেই। এমনকি খেলোয়াড় হিসেবেও ফালকোনি যে খুব বড় মাপের কেউ ছিলেন না, তা বলতেও ছাড়েননি তিনি। এখানে থেমে গেলেও হতো, ফালকোনিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করায় বোকার সভাপতি জর্জ আমোর আমেলেরও কঠোর সমালোচনা করেছেন ম্যারাডোনা।খেলোয়াড়ি জীবনে বোকা জুনিয়র্সের জার্সি গায়েই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন আর্জেন্টিনার ফুটবল-ঈশ্বর। ১৯৮১ সালে একবার লিগ শিরোপাও এনে দিয়েছিলেন ক্লাবটিকে। ১৯৯৭ সালে অবসরের ঘোষণাও দিয়েছিলেন এই বোকার জার্সি গায়েই। এখন নতুন কোচ হিসেবে বোকা জুনিয়র্স তাঁকে নিয়োগ না দিলে তা নাকি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ৮৬-র বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। টাইমস অব ইন্ডিয়া।