‘বোমা’ ফাটালেন চন্দরপল
দলে না নেওয়ার অভিযোগ এনে বোর্ডের এক প্রস্থ সমালোচনা আগেই করেছিলেন ক্রিস গেইল। কয়েক দিন নীরবতা পালনের পর মুখ খুলেছিলেন শিবনারায়ণ চন্দরপলও। তবে এবার সমালোচনার ব্যাপ্তি ছাড়িয়ে রীতিমতো ‘বোমা’ ফাটালেন তিনি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক না-পাওয়া ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের অভিযোগ, বিশ্বকাপের পরই নাকি তাঁকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকেরা!‘যতদূর জানি, পারফরম্যান্স, ফিটনেস বা শৃঙ্খলার অভাবজনিত কারণে নয়, দল থেকেই আমাকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকেরা আমাকে বিশ্বকাপের পর অবসর নিতে বলেছিলেন। আমি তা প্রত্যাখ্যান করলে তাঁরা মর্মাহত হন।’ বলেছেন চন্দরপল।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান আর্নেস্ট হিলাইরে কয়েক দিন আগে মন্তব্য করেন, ‘চন্দরপলকে দল থেকে বাদ দেওয়া হয়নি। ও এখনো ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনার মধ্যেই রয়েছে।’ তবে হিলাইরের বক্তব্যকে ‘মিথ্যে’ আখ্যায়িত করে চন্দরপল বলেছেন, ‘অবসর নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নির্বাচকদের একজন আমাকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন। সেখানে ব্যতিক্রমী কিছু করে দেখাতে পারলে তবেই আমাকে দলে নেওয়ার জন্য বিবেচনা করা হবে বলে জানিয়ে দেন তিনি। অথচ সদ্যসমাপ্ত বিশ্বকাপেও দলের তৃতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় ছিল আমার।’ ওয়েবসাইট।