‘ব্যর্থতা তো আমারই...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে পেশাদারির কথা বললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজে-কর্মে কি সেটির প্রতিফলন আছে? প্রশ্নটা উঠেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার আর নির্বাচক না পাঠিয়ে আবারও বিসিবির খরচে দুজন বোর্ড পরিচালককে ‘প্রমোদভ্রমণের’ সুযোগ করে দেওয়ায়। তবে বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও স্বীকার করছেন, বিশ্বকাপে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার পাঠানো উচিত ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার যাচ্ছে না কেন?জালাল ইউনুস: এটা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড বা মিডিয়া কমিটির প্রধান হিসেবে আপনি কি মনে করেন না, বিশ্বকাপের মতো বড় আসরে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার থাকা উচিত?জালাল: আমি ব্যক্তিগতভাবে মনে করি, মিডিয়া ম্যানেজার পাঠানো দরকার। বিদেশে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার থাকলে প্রেস কনফারেন্সগুলোতে আমাদের ক্রিকেটারদের সুবিধা হয়। এটা দেশের ভাবমূর্তিরও ব্যাপার। তা ছাড়া যত দূর জানি, বিশ্বকাপটা এবার ওয়েস্ট ইন্ডিজে বলে দেশ থেকে খুব বেশি মিডিয়া যাচ্ছে না। মিডিয়া ম্যানেজার গেলে বিশ্বকাপের সংবাদ সংগ্রহে তাদেরও সাহায্য হতো। তাহলে আইসিসির কাছে আগে পাঠানো টিম ম্যানেজমেন্টের তালিকায় মিডিয়া ম্যানেজার থাকার পরও বোর্ড কেন শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাল?জালাল: বোর্ড মনে করেছে, টিম ম্যানেজমেন্টের আট সদস্যের বাইরে বোর্ডের খরচে একজন বাড়তি লোক ওয়েস্ট ইন্ডিজে পাঠানো সমীচীন হবে না। এটা কোনো নীতিমালার মধ্যেও পড়ে না। মূলত অর্থ সাশ্রয়ের কথা ভেবেই এই সিদ্ধান্ত। অভিযোগ আছে, বোর্ডের অনুমোদন না নিয়েই নাকি মিডিয়া ম্যানেজার রেখে টিম ম্যানেজমেন্টের তালিকা পাঠানো হয়েছিল আইসিসিতে?জালাল: যখন এই তালিকা পাঠানো হয়েছে তখন বোর্ড সভাপতিসহ অনেক পরিচালকই দেশের বাইরে ছিলেন। তাই সেটা সম্ভব হয়নি। তবে এমন নয় যে, টিম ম্যানেজমেন্টের তালিকা নিয়ে সব সময়ই বোর্ডে আলোচনা হতে হবে। কিন্তু মিডিয়া ম্যানেজারকে বাদ দিয়ে তো আপনারা বোর্ডের খরচে একজন বোর্ড পরিচালককে পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে পাঠাচ্ছেন...জালাল: প্রতি সফরে হেড অব ডেলিগেশন এবং পর্যবেক্ষক হিসেবে দুজন বোর্ড পরিচালক দলের সঙ্গে যাবেন, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। সে সিদ্ধান্ত অনুযায়ীই তাঁরা যাচ্ছেন। তবে আগে পর্যবেক্ষক হিসেবে দুজন যেতেন, এখন একজন যাবেন। বিদেশ সফরে পর্যবেক্ষকদের কাজটা আসলে কী? কী পর্যবেক্ষণ করেন তাঁরা, ফিরে এসে কি কোনো রিপোর্ট জমা দেন?জালাল: দলের কোনো কিছু যদি তাঁদের চোখে পড়ে তাঁরা সেটা লিখিত বা মৌখিকভাবে বোর্ডকে জানাবেন, সে রকমই কথা আছে। আমার মনে হয়, এ রকম রিপোর্ট দু-একজন দিয়েছেনও। মিডিয়া কমিটির প্রধান হিসেবে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার না পাঠানোর ব্যর্থতা কি আপনি স্বীকার করেন?জালাল: গুরুত্ব বুঝেও যেহেতু মিডিয়া ম্যানেজারকে দলের সঙ্গে পাঠাতে পারছি না, ব্যর্থতা তো আমারই। আমি সেটা স্বীকারও করছি। কিন্তু বোর্ড পরিচালক হিসেবে আমি তো বোর্ডের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বাংলাদেশ দলের সঙ্গে অনেক দিন কোনো নির্বাচকও সফরে যাচ্ছেন না। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?জালাল: এটা ক্রিকেট পরিচালনা কমিটির ব্যাপার। আমার মনে হয়, এ ব্যাপারে তাদের মতামত নিলেই ভালো হয়। বিসিবির ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডট কম শুরুতে বিদেশেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। সেটা বন্ধ হয়ে গেল কেন?জালাল: আগে ওয়েবসাইটটি পরিচালনার দায়িত্বে যারা ছিল, তাদের পরিবর্তে আমরা এখন নতুন কাউকে সেটি দিতে চাইছি। আগের চেয়ে আরও ভালোভাবে ওয়েবসাইটটি পরিচালনা করতে চাইছি। সেজন্য উদ্যোগও নেওয়া হয়েছে। এ কথা তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছে...জালাল: বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আনাম সাহেব এটার দায়িত্ব নিয়েছেন। তবে চুক্তিটা যেহেতু বোর্ডের মার্কেটিং কমিটিই করবে, উদ্যোগটা তাদের দিক থেকেই আসার কথা।