'ব্যাংকক সফরটা ফলপ্রসূই হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল হোসেন
ইকবাল হোসেন

বিদেশে অনুশীলন ক্যাম্প করার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলারদের কাছে এক অচেনা স্বাদ। সাফ টুর্নামেন্টের জন্য এখন ব্যাংককে সেই স্বাদই পাচ্ছেন মামুনুলরা। ব্যাংকক থেকে কাল টেলিফোনে বাংলাদেশে দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ফুটবলার ইকবাল হোসেন জানালেন সফরের আদ্যোপান্ত

 বাংলাদেশ দল তো কাল (আজ) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে। প্রতিপক্ষ কারা?
ইকবাল হোসেন: থাইল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সম্ভবত এই দলটির কোনো টুর্নামেন্ট আছে সামনে। তাই এটি তাদের কাছেও প্রস্তুতির সুযোগ।

 কিন্তু থাই জাতীয় দলের সঙ্গে খেলাটা হলো না কেন?
ইকবাল: এখন থাই লিগ চলছে। কাজেই ওদের জাতীয় দল কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আমরা চেয়েছিলাম, কিন্তু ওরা জাতীয় দল দিতে পারবে না বলে দিয়েছে। কী আর করা!

 কোচ ডি ক্রুইফ কি দলের প্রস্তুতি ম্যাচ বা সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়ে খুশি?
ইকবাল: কোচ ভালো মুডেই আছেন। থাই জাতীয় দলকে পেলে নিশ্চয়ই আমাদের জন্য বেশি ভালো হতো। তবে প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওদের লিগের পঞ্চম দলটিও তো কম নয়। আমরা হেরেছি ২-১ গোলে। আর থাই অনূর্ধ্ব-১৯ দলকেও আপনার হিসাবের মধ্যে নিতে হবে। কোচ সেভাবেই দেখছেন সবকিছু।

 প্রথম অনুশীলন ম্যাচটা হারের পর কোচ এমনিতে কী বললেন?
ইকবাল: কোচ বলেছেন, তাঁর কাছে এখন ফল বড় নয়। দলের দুর্বলতাগুলো ধরতে পারছেন, সেটিই বড় সুযোগ। ম্যাচের পরদিন সবার সঙ্গে ভুলত্রুটিগুলো নিয়ে কথা বলেছেন। এই যে একটা প্রক্রিয়ায় মধ্যে আছে আমাদের দলটা, এটাই সবচেয়ে আশার দিক।

এমনিতে ঢাকায় অনুশীলন আর ব্যাংককে অনুশীলনের মধ্যে কী পার্থক্য দেখছেন? আপনি নিজেও তো জাতীয় দলের সাবেক একজন খেলোয়াড়...
ইকবাল: পার্থক্য তো আছেই। এখানে একাগ্রচিত্তে অনুশীলন করছে দল। এটা বড় দিক। অনুশীলন মাঠ একটু ভারী, মানে ঘাসের নিচে একটু বালু আছে। এই মাঠে অনুশীলন করতে শারীরিক সামর্থ্য বেশি লাগে। খেলোয়াড়দের ফিটনেস এতে বাড়ছে। আমার দৃষ্টিতে এই সফরের অন্যতম বড় প্রাপ্তি এটা। ব্যাংকক সফরটা ফলপ্রসূই হচ্ছে।

 সেখানে অনুশীলন সুযোগ-সুবিধা তো অনেক আধুনিক। বাংলাদেশ দলের কাছে কতটা নতুন?
ইকবাল: বলার অপেক্ষা রাখে না, ব্যাংককে অনুশীলন-সুবিধা দারুণ। আমরা অনুশীলন করছি ব্যাংককেই থাইল্যান্ডের জাতীয় ফুটবল একাডেমিতে। জিমসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা আছে এখানে। তাই আমাদের অনুশীলন ভালো হচ্ছে।

 সাফের অন্য কোনো দল ক্যাম্প করছে এখন ব্যাংককে?
ইকবাল: এ মুহূর্তে সাফ অঞ্চলের শুধু বাংলাদেশ দলই আছে। শুনেছি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান আসতে পারে। আসলে ব্যাংককে ফুটবল অবকাঠামো এমনই যে অনেক দলই আসছে ক্যাম্প করতে। কদিন আগে তো ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসিও ব্যাংকক ঘুরে গেছে।
 ম্যানেজার হিসেবে আপনি প্রথাগত দায়িত্বই শুধু পালন করেন, নাকি দলের টেকনিক্যাল বিষয়গুলোতেও ভূমিকা রাখার সুযোগ আছে আপনার?
ইকবাল: আমি ম্যানেজারের কাজটাই মূলত করছি। এ মুহূর্তে বাংলাদেশ দলের জন্য দুই সেট জার্সি কিনে হোটেলে যাচ্ছি। এগুলো সাফে পরবে দল। আর টেকনিক্যাল দিক দিয়ে কোচই সর্বেসর্বা। তবে অনেক বিষয় নিয়ে ডাচ কোচ আলোচনা করেন আমার সঙ্গে। সে অর্থে টিমের ভালো-মন্দ সবকিছুর সঙ্গেই যুক্ত আছি আমি।
 শুনেছি, উইঙ্গার জাহিদের ঊরুতে নাকি ফোঁড়া হয়েছে। কী অবস্থা এখন?
ইকবাল: আর বলবেন না, বড় একটা ফোঁড়া হয়েছে! কালও সে খেলতে পারবে না। এ ম্যাচের দল নির্বাচন কাল সকালে করবেন কোচ। ম্যাচটা খেলে আমরা ফিরছি ৪ তারিখ।