'ব্যাটল অব ন্যুরেমবার্গ'

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ১৬ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হলো প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকছে ‘১৬’ সংখ্যাটি নিয়ে—
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে জার্মানির ন্যুরেমবার্গ শহরে ভয়াবহ এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল জার্মান ও মার্কিন বাহিনীর মধ্যে। পাঁচদিনের সেই যুদ্ধটাই ইতিহাসে পরিচিতি পেয়েছে ‘ব্যাটল অব ন্যুরেমবার্গ’ নামে। কিন্তু গুগলে ‘ব্যাটল অব ন্যুরেমবার্গ’-এর খোঁজ করে দেখুন। সবার আগে পাবেন একটি ফুটবল ম্যাচের বিবরণ। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে পর্তুগাল বনাম হল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের লড়াই।
সেদিন শুধু বল দখলের লড়াইয়ে না, সত্যিই যুদ্ধাংদেহী মনোভাব নিয়েই মাঠে নেমেছিলেন পর্তুগাল ও হল্যান্ডের ফুটবলাররা। ৯০ মিনিটের খেলায় মোট ১৬বার কার্ড বের করতে হয়েছিল রেফারিকে। দুই দলই খেলা শেষ করেছিল নয় জন খেলোয়াড় নিয়ে। লাল কার্ড দেখেছিলেন পর্তুগালের কস্টিনহা, ডেকো ও হল্যান্ডের খালিদ বুলারুজ ও জিওভান্নি ফন ব্রঙ্খোস্ট। এটাই বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখানোর রেকর্ড।
১৬ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকাপের আরও কিছু স্মৃতি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি ম্যাচ জেতার রেকর্ডটি আছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর দখলে। আর অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।